আগামী চার মাসে ৯টি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ 

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ এক যুগেরও বেশি সময় ধরে। বহুদলীয় প্রতিযোগিতা ছাড়া সাধারণত দলদুটি ২২ গজে মুখোমুখি হয় না। ফলে ক্রিকেটপ্রেমীরা ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ উপভোগ করতে পারেন না আগের মতো। তবে আগামী চার মাসে তাদের সেই আক্ষেপ মিটতে পারে।

ক্রিকেট মাঠে আগামী চার মাসে ৯ বারের মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। দু’দলের কোনও দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। তবুও আগামী কয়েক মাস ভালো মতোই ভারত-পাকিস্তান লড়াইয়ের আঁচ পোহানোর সুযোগ পেতে পারেন দু’দেশের ক্রিকেট সমর্থকেরা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এমার্জিং কাপকে রাখা হয়েছে এই হিসেবের মধ্যে। এ ছাড়া সেপ্টেম্বরে এশিয়ান গেমস, এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে রয়েছে একদিনের বিশ্বকাপ। এই চারটি প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচে মুখোমুখি হতে পারে দু’দেশ।

সব ক্ষেত্রেই অবশ্য রোহিত শর্মাদের সঙ্গে বাবর আজমদের দেখা হবে না। ৯টি ম্যাচের চারটিতে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তানের ‘এ’ বা দ্বিতীয় দল। শ্রীলঙ্কায় চলছে এসিসি এমার্জিং কাপ। এই প্রতিযোগিতায় দু’দেশের এ’ দলের গ্রুপ পর্বের খেলা ১৯ জুলাই। ভারত এবং পাকিস্তান এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারলে আবার খেলা হবে ২৩ জুলাই। 

এরপর রয়েছে এশিয়া কাপ। সেখানে বাবরদের বিরুদ্ধে খেলবেন রোহিতেরা। এই প্রতিযোগিতার সূচি এখনও প্রকাশিত হয়নি। এশিয়া কাপের একই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। ফলে একটি ম্যাচ নিশ্চিত। আশা করা হচ্ছে, গ্রুপ থেকে দু’দলই উঠবে সুপার ফোর পর্বে। সেখানেও মুখোমুখি হবেন রোহিত-বাবরেরা। ফাইনালেও দেখা হতে পারে ভারত-পাকিস্তানের। অর্থাৎ এশিয়া কাপে তিন বার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে দু’দলের।

এশিয়া কাপের মতোই এশিয়ান গেমসের সূচিও প্রকাশিত হয়নি। এশিয়ান গেমসে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ভারত। এই প্রতিযোগিতাতেও দু’বার পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রুপ পর্ব এবং নক আউট পর্ব মিলিয়ে। একদিনের বিশ্বকাপে আবার মুখোমুখি হবে দু’দেশের সেরা একাদশ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লিগ পর্বের খেলা। দু’দেশের একটি সেমিফাইনালে বা ১৯ নভেম্বরের ফাইনালে দেখা হতে পারে রোহিত-বাবরদের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads