ভারতের বিরুদ্ধে ভালো খেলায় মেয়েদের ৩৫ লাখ টাকা বোনাস দেবে বিসিবি
ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও জয় পায় শেষটিতে। আর ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে। পরে প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে গড়ে ইতিহাস। এই ফরম্যাটে প্রথমবারের মতো তাদের বিপক্ষে জয় পায় টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ টাই হওয়ায় সিরিজ শেষ হয়েছে সমতায়।
এছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার দারুণ পারফরম্যান্স করেছেন। এই সিরিজেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি। নজর কাড়ে মারুফা আক্তার, রাবেয়া খানদের বোলিংও। তাই পুরো দল ও পারফরমারদের জন্য বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার টিম হোটেলে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদমাধ্যমকে এই বোনাসের কথা জানান তিনি। সেঞ্চুরি করায় বাড়তি দুই লাখ টাকা পাচ্ছেন ফারজানা হক, এটিও নিশ্চিত করেন পাপন।
তিনি বলেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মিরপুরে মাঠে বসে দেখছিলেন পাপন। এরপর আইসিসির সভায় যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখান থেকেই দলকে উৎসাহ দেওয়ার কথা জানান পাপন। নিগার সুলতানা জ্যোতিদের নিবেদনের প্রশংসাও ছিল বিসিবি সভাপতির কণ্ঠে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি