বসুন্ধরা কিংসের সঙ্গে আরো এক বছর চুক্তি বাড়ালো অস্কার ব্রুসন


অস্কার ব্রুসনের হাত ধরে টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রফিও এসেছে তার সময়ে। অল্প সময়ের মধ্যে সাফল্য এনে দেওয়া এই কোচের ওপরই আস্থা বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের। আগামী মৌসুমেও এই স্প্যানিশ কোচের কাঁধে থাকছে কিংসকে এগিয়ে নেওয়ার দায়িত্ব। 

২০১৮ সালে কিংসের হাল ধরেন ব্রুসন। ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন বাদে পুরোটা সময় ছিলেন কিংসের ডাগআউটে। এরই মধ্যে চারটি লিগ শিরোপা, দুটি ফেডারেশন কাপ ও একটি স্বাধীনতা কাপ জয়ের স্বাদ পেয়েছেন দলটির হয়ে। 

আগামী অগাস্টে নতুন মিশনে নামবে কিংস। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে তারা খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে ওঠার প্লে-অফে। এ উপলক্ষে সোমবার প্রস্তুতি শুরু করেছে দলটি। দুপুরেই নিজের ফেইসবুকে চুক্তি নবায়নে সম্মত হওয়ার কথা জানান ব্রুসন।

তিনি লিখেছেন, পাঁচ মৌসুম নিয়মিত সাফল্য পাওয়ার পর আনন্দচিত্তে জানাতে চাইছি, আরো এক মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছি আমি। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ফলসহ ধারাবাহিকভাবে এগিয়ে চলাটা কিংসকে এশিয়ার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমে খেলা সুযোগ এনে দিয়েছে, যেটা বাংলাদেশের ফুটবলকে বড় স্বপ্ন দেখার পথ করে দিবে। 

তিনি আরো বলেন, এই কৃতিত্বের জন্য আমি কোচিং প্যানেলকে পুরো কৃতিত্ব দিতে চাই। ক্লাবের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে নিজেদের সামর্থ্যের প্রতি আস্থা ও বিশ্বাস আছে আমাদের। এখানে যে সম্পর্ক তৈরি করেছি, সেটাকে আমি গুরুত্ব দেই; ক্লাবকে আরো উঁচুতে নেওয়া এবং সাফল্য ভাগাভাগি করতে উন্মুখ হয়ে আছি। 

আগামী ১৫ অগাস্ট প্লে-অফে দুবাইয়ের দল শারজাহ ফুটবল ক্লাবের মুখোমুখি হবে কিংস। এ ম্যাচ জিতলে মূল বাছাইয়ে খেলার সুযোগ পাবে ব্রুসনের দল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads