বিশ্ব ফুটবলে রোনালদোর চেয়ে মেসি এগিয়ে: টেনিস তারকা রাফায়েল নাদাল
রোনালদো- মেসি ও টেনিস তারকা রাফায়েল নাদাল
ফুটবলের বড় ভক্ত স্পেনের টেনিস সুপারস্টার রাফায়েল নাদাল। কিন্তু আর ভক্ত হবেন নাই বা কেন? বছরের পর বছর স্প্যানিশ লিগ মাতিয়েছেন বর্তমানে বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুজনের মাঝে কে সেরা- তা নিয়ে এক যুগ ধরেই তর্ক-বিতর্ক চলছে, ভবিষ্যতেও চলবে। তবে রিয়াল মাদ্রিদ সমর্থক নাদালের কাছে তাদের চিরশত্রু বার্সেলোনার সাবেক তারকা লিওনেল মেসিই সেরা। -
দীর্ঘসময় রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই রিয়াল সমর্থকদের মুখ থেকে মেসির প্রশংসা বের করা কঠিনই বটে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজ গুণে সেই যোগ্যতা অর্জন করেছেন। সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে ভক্তদের প্রশ্নের মুখে পড়েন নাদাল। তাকে জিজ্ঞেস করা হয়- মেসি আর রোনালদোর মধ্যে কে সেরা? কোনো রাখঢাক না করেই নাদাল বলেন, আমার দৃষ্টিতে মেসি রোনালদোর চেয়ে এগিয়ে। তবে আমি কিন্তু রিয়াল মাদ্রিদের সমর্থক।
স্প্যানিশ লিগের সুবাদে মেসি আর রোনালদোকে খুব কাছ থেকে দেখেছেন নাদাল। রিয়াল সমর্থক হিসেবে তিনি রোনালদোর পক্ষ নেবেন- এটাই স্বাভাবিক। কিন্তু ফুটবলের সমস্ত ট্রফি জয় করা মেসিকে সেরা বলতে তিনি পিছপা হলেন না।
টেনিস দুনিয়াতে এতদিন রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচকে নিয়ে আলোচনা হতো। তাদের মাঝে কে সেরা? ফেদেরার অবসর নেওয়ায় এখন এই প্রতিযোগিতা চলছে নাদাল আর জোকোভিচের মাঝে। ঠিক যেন মেসি-রোনালদোর মতো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি