আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার দারুণ উন্নতি

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রাপ্তির ঝুলিটা বেশ বড়ই। প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। রোমাঞ্চে ভরা সিরিজটি শেষমেশ ১-১ ব্যবধানেই শেষ হয়েছে। এ ছাড়া দেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম নারী সেঞ্চুরিয়ানও মিলেছে এই সিরিজ থেকেই। এবার টাইগ্রেসদের সাফল্যের ঘরের যুক্ত হলো নতুন পালক।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ (২৫ জুলাই) হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইতিহাস তৈরি করেছেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফর্ম করেই এই পুরস্কার পেয়েছেন ফারজানা ও নাহিদা।

আইসিসির ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন ফারজানা হক পিংকি। ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে। আর প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবেই সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন লাল-সবুজের এই প্রতিনিধি।

এর আগে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ। অন্যদিকে বোলিং র‌্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠে এসে ইতিহাস গড়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। লাল-সবুজের নারী বোলারদের মধ্যে এটাও সেরা অবস্থান। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে ২০ নম্বরে উঠে এসেছিলেন সালমা খাতুন।

নারী ব্যাটারদের শীর্ষস্থান নিজের করে নিয়েছেন ইংল্যান্ড নারী দলের অলরাউন্ডার নাটালি শিভার-ব্রান্ট। এ ছাড়া ৩২ ধাপ এগিয়ে ৫১ নম্বরে ভারতের হারলিন দেওল, ৪১ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে আছেন জেমিমা রড্রিগুয়েজ। বোলারদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন দীপ্তি শর্মা। এ ছাড়া ৩ ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে স্নেহ রানা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads