বেতন ছাড়াই পিসিবির উপদেষ্টা হিসেবে কাজ করবেন মিসবাহ 

জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর প্রায় দুই বছর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে ফিরতে যাচ্ছেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। জানা গেছে, নতুন করে হতে যাওয়া ক্রিকেট কমিটির প্রধান নিযুক্ত করা হবে মিসবাহকে। পাশাপাশি বর্তমান পিসিবি প্রধান জাকা আশরাফের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা হবেন তিনি। 

পাকিস্তান ক্রিকেটে নতুন প্রশাসন আসার পর এটি হতে যাচ্ছে উল্লেখযোগ্য নিয়োগ। চলতি মাসের শুরুর দিকে পিসিবির নতুন ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব নেন আশরাফ। মিসবাহর ভূমিকা হতে যাচ্ছে সম্মানসূচক। বেতন ছাড়াই তিনি এই দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার আশরাফের সঙ্গে তার সাক্ষাতের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 

২০১৯ সালের সেপ্টেম্বরে মিকি আর্থারের উত্তরসূরি হন মিসবাহ। একই সঙ্গে প্রধান কোচ ও নির্বাচকের দায়িত্ব পান। ২০২১ সালের সেপ্টেম্বরে দুটি চাকরি থেকে ইস্তফা দেন তিনি। রমিজ রাজা পিসিবি চেয়ারম্যান হওয়ার পর দল নিয়ে মতভেদের কারণে ওই সিদ্ধান্ত নেন। তারপর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষজ্ঞ ও বিশ্লেষক হিসেবে কাজ করছেন মিসবাহ। পিসিবিতে ফিরলেও এই কাজ ছাড়ছেন না তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads