শর্ত সাপেক্ষে এলপিএল খেলার সুযোগ পাবে তাসকিন: জালাল ইউনুস

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গেল আসরে ডাক পেলেও জাতীয় দলের খেলা থাকায় সেখানে যেতে পারেননি জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। সেবার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না পারলেও জিম আফ্রো টি-টেন লিগে খেলতে গিয়েছেন তিনি।

জিম আফ্রো টি-টেন লিগের পর এবারে শ্রীলঙ্কার লিগে ডাক পেয়েছেন ডানহাতি এই পেসার। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে ডাম্বুলা অরার হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন। 

তাসকিন ছাড়াও এলপিএলের আসন্ন আসরে খেলার জন্য ডাক পেয়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়। সাকিব-মিঠুন খেলবেন গলে টাইটান্সের হয়ে, হৃদয়কে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। আর তাসকিন খেলবেন ডাম্বুলার হয়ে। শরিফুলকে দলে চেয়েছে কলম্বো স্ট্রাইকার্স। 

টুর্নামেন্টে খেলার জন্য সাকিব-মিঠুন ছাড়পত্র পেয়েছেন বেশ আগেই। বুধবার (২৬ জুলাই) কলম্বো যাচ্ছেন মিঠুন আর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। হৃদয়কে ছাড়পত্র দেওয়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিন্তু তাসকিনের খেলার বিষয়ে শর্ত জুড়ে দিয়েছে বোর্ড। যদি তাসকিনের দল ডাম্বুলা অরা তাসকিনকে বিরতি দিয়ে খেলায় তবেই ডানহাতি এই পেইসারকে এলপিএলে খেলার ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস মঙ্গলবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল বলেন, পেস বোলারদের ক্ষেত্রে টানা ম্যাচ খেলা কঠিন। বিরতি দিয়ে খেলতে পারলে ভালো। সেভাবেই কথা বলছে তাসকিন। তার দল রাজি হলে ছাড়পত্রের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তাসকিনের বিষয়ে শর্ত জুড়ে দিলেও এলপিএলের জন্য ডাক পাওয়া আরেক পেসার শরিফুল ইসলামের ছাড়পত্র পাওয়ার বিষয়টি ঝুলে রয়েছে এখনও। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তরুণ এই পেসারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বোর্ডের এই পরিচালক।

তিনি বলেন, ওর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি আমরা। ও জানিয়েছে আমাদের। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads