বিশ্বকাপে দলের মেন্টরের কাজ কী, আমি জানি না তামিম কেন আমাকে চাচ্ছে: মাশরাফি
বাংলাদেশ ক্রিকেটের হার্ড হিটার তামিম ইকবাল খান বছর দুয়েক আগে একটি লাইভ অনুষ্ঠানে বলেছিলেন, ২০২৩ বিশ্বকাপে মাশরাফিকে তিনি মেন্টর হিসেবে দলে চান। এরপর তিনি তার ইচ্ছার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী তাতে সায়ও দিয়েছিলেন। এরপর থেকে দেশজুড়ে আলোচনা চলছে।
প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি ও অন্য কর্মকর্তারাও। এদিকে, মেন্টরের কাজটা আসলে কি, সেটাই জানেন না বলে মন্তব্য করেছেন খোদ মাশরাফি।
বুধবার ডেফোডিল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মাশরাফি বলেন, মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে। মেন্টর জিনিসটা তো... অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না।
তবে দল যদি প্রয়োজন মনে করে তাহলে ভেবে দেখবেন বলেও জানালেন মাশরাফি। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেবো? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।
প্রধানমন্ত্রী যদি তাকে মেন্টর থাকতে বলেন সেক্ষেত্রে তার আদেশ মানতে বাধ্য বলেও জানান মাশরাফি, প্রধানমন্ত্রী কিছু চাইলে সেটা ভিন্ন জিনিস। সেটার সাথে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই। তবে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চান না তিনি।
মাশরাফি বলেন, এই মুহূর্তে আমি আপনাদের কী বলতে পারি। আমি কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি