হারমানপ্রিতকে আরো কঠোর শাস্তি দেওয়া উচিত ছিলো: আফ্রিদি
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করা, রাগে স্ট্যাম্প ভেঙে ফেলা, ম্যাচ শেষে আম্পায়ার এবং প্রতিপক্ষ বাংলাদেশ দল নিয়ে কটাক্ষ করে কথা বলার অপরাধে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কউরকে ম্যাচ ফি’র ৭৫ ভাগ জরিমানা করার পাশাপাশি দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যে আচরণ প্রদর্শণ করেছেন হারমানপ্রিত কউর, তাতে তার সমালোচনায় এখন পুরো ক্রিকেট দুনিয়া। নিজ দেশ থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে সমালোচনার শিকার তিনি। তার এমন উদ্ধত এবং বাজে আচরণকে মেনে নিতে পারছে না কেউ।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি মনে করেন, হারমানপ্রিত কউরের শাস্তি কম হয়ে গেছে। আইসিসির উচিৎ ছিল তার ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করে আরো বেশি নিষেধাজ্ঞার আওতায় আনা। তাহলে ভবিষ্যতের জন্য কঠোর একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে যেতো এবং শুধু ভারতে নয়, অন্য কোনো দেশের আর কোনো ক্রিকেটার অমন অভব্য আচরণ করতে সাহস পেতো না।
তিনি আরো বলেন, এটা শুধু ভারতের ক্ষেত্রে নয়, এর আগেও আমরা ক্রিকেটে এ ধরনের বিষয় দেখেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে নারী ক্রিকেটে এমন খুব একটা দেখা যায় না। হারমানপ্রিত কউরের এ ঘটনাটা একটা বড় ঘটনা। আইসিসির অধীনে এটা একটা বড় টুর্নামেন্ট। শাস্তি দিয়ে আইসিসি ঠিক করেছে। আগামীতে এটা উদাহরণ হিসেবে থেকে যাবে। ক্রিকেটে আক্রমণাত্মক হওয়া যায়; কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ঘটনা একটু অতিরিক্ত হয়ে গেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি