ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন উইলিয়ামসন
গত মার্চে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে ফিল্ডিং করতে গিয়ে ডান হাঁটুতে গুরুতর আঘাত পান কেন উইলিয়ামসন। শেষ হয়ে যায় আইপিএল। র্যাপচার্ড এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের কারণে এপ্রিলে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। বিশ্বকাপে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে বিশ্বমঞ্চে অংশ নিতে প্রতিটি মুহূর্ত লড়াই করছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
সবশেষ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন উইলিয়ামসন। যাতে মিলেছে স্বস্তির আভাস। নেটে থ্রোডাউনে তাকে ব্যাট করতে দেখা গেছে। মঙ্গলবার ইনস্টাগ্রামে ব্যাটিংয়ের একটি শর্ট ক্লিপ পোস্ট করেন তিনি। ক্যাপশন ছিল, ব্যাট হাতে কয়েকটি থ্রোর জন্য নেটে ফিরতে পেরে ভালো লাগছে।
জানা গেছে, বিশ্বকাপে খেলার জন্য ফিট হতে না পারলেও মেন্টর হিসেবে ভারতে দলের সঙ্গে থাকবেন উইলিয়ামসন। তবে তিনি খেলার জন্যই ফিট হতে চেষ্টা করছেন। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি