অনিচ্ছাকৃত ট্যাকেলে ফুটবলারের পা ভেঙ্গে যাওয়ায় কান্না করে মাঠে ছাড়লেন মার্সেলো

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে বুয়েন্স এইরেসের দিয়েগো মারাদোনা স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয় ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স। এই ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার মার্সেলোর অপ্রত্যাশিত ট্যাকেলে পা ভেঙ্গে যায় আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো সানচেস। সানচেসের অবস্থা দেখে আগে থেকেই কাতর মার্সেলো মাঠ ছাড়েন কাঁদতে কাঁদতে।

ম্যাচের ৫৫তম মিনিটে বল পায়ে কাটানোর চেষ্টা করছিলেন মার্সেলো। পাশ থেকে ছুটে এসে বাঁ পা বাড়িয়ে দেন সানচেস। পরের ধাপেই মার্সেলোর পা গিয়ে পড়ে সানচেসের বাড়িয়ে দেওয়া পায়ের ওপর। মুহূর্তেই সেই পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায়। মুহূর্তের আকস্মিকতায় হতভম্ব সবাই। এতে মার্সেলোকে দেখানো হয় লাল কার্ড।

এই সময় মাঠে পড়ে কাতরাতে থাকেন ২৯ বছর বয়সী ডিফেন্ডার। সতীর্থরা তাকে ঘিরে ধরেন। মার্সেলো নিজেও কাছে গিয়ে সানচেসের পায়ের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে ফেলেন। পরে তিনি কান্নায় ভেঙে পড়েন। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর সানচেসকে হাসপাতালে নেওয়া হয়। ভিএআর দেখে মার্সেলোকে লাল কার্ড দেখান রেফারি।

মার্সেলো পরে ইনস্টাগ্রামে একটি পোস্টে দ্রুত আরোগ্য কামনা করেন সানচেসের। তিনি লিখেছেন, এই ম্যাচে খুব কঠিন একটি মুহূর্ত আসে আমার জন্য। অনিচ্ছাকৃতভাবে একজন খেলোয়াড়কে চোটে ফেলে দেই আমি। তার দ্রুত সুস্থতা কামনা করছি আমি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।

সানচেসের ওই চোটের সময় ১-০ গোলে এগিয়ে ছিল তার ক্লাব। পরে ৮৭তম মিনিটে গোল শোধ করে দেয় ফ্লুমিনেন্স। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads