বিশ্বকাপে হ্যাটট্রিক করা রামোসকে দলে নিলো পিএসজি

 কাতার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন বেঞ্চে বসে সময় পার করছিলেন, এসময় তার পরিবর্তে খেলতে নেমেই হ্যাটট্রিক করে চমক  দেখিয়েছিলেন পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস। সেই স্ট্রাইকারকে চলতি মৌসুমের জন্য  ধারে দলে নিয়েছে ফরাসি ক্লাব পিএসজি।

বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবার একাদশে সুযোগ, সেটিও আবার রোনালদোর মতো মহীরুহের বদলে। চাপ থাকার কথা ছিল প্রবল। কিন্তু সব চাপকে উড়িয়ে গত বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন গনসালো রামোস। ২২ বছর বয়সী স্ট্রাইকার এই মৌসুমে খেলবেন পিএসজির হয়ে। এই ক্লাবে ভবিষ্যতে তিনি রয়ে যেতে পারেন পাকাপাকিভাবেও।  

বেনফিকা থেকে এই মৌসুমের জন্য ধারে রামোসকে দলে নিয়েছে পিএসজি। অপশন টু বাই ধারাও থাকছে চুক্তিতে। ফিনান্সিয়াল ফেয়ার প্লে সংক্রান্ত জটিলতার কারণেই এই মৌসুমে তাকে ধারে নিয়েছে পিএসজি। মৌসুম শেষ হলেই পর্তুগিজ এই তরুণকে স্থায়ী চুক্তিতে নেবে ফরাসি ক্লাবটি।

১২ বছর বয়স থেকে বেনফিকার একাডেমিতে বেড়ে উঠে ২০২০ সালে ক্লাবের মূল দলে অভিষেক হয় রামোসের। এবার পিএসজির মতো ক্লাবে যোগ দিয়ে তার উচ্ছ্বাসের মাত্রা ফুটে উঠল আন্ষ্ঠুানিক বিবৃতিতেই।

রামোস বলেন, পিএসজিতে যোগ দিতে পারা আমার জন্য বিশাল গর্ব ও দারুণ খুশির ব্যাপার। অসাধারণ সব ফুটবলার নিয়ে বিশ্বের সেরা ক্লাবগুলির একটি পিএসজি। সূত্র: মার্কা

এই মৌসুমে রামোসের আগে পিএসজি রিয়াল মাদ্রিদ থেকে এনেছে মার্কো আসেন্সিওকে। এছাড়াও আরও বেশ কজনকে দলে নিয়েছে তারা। বার্সেলোনা থেকে উসমান দেম্বেলের যোগ দেওয়াও এখন কেবল সময়ের ব্যাপার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

Walton Ads