বিশ্বকাপের আগে বোল্টকে ওয়ানডে দলে ফিরালো নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গত বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন ট্রেন্ট বোল্ট। এরপর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন বাঁ-হাতি এই পেসার। বিশ^কাপের আর মাত্র দুই মাস বাকি, তার আগেই ইংল্যান্ডের বিপক্ষে বোল্ডকে দলে ফিরালো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এছাড়ার পেস অলরাউন্ডার কাইল জেমিসনকেও দলে নিয়েছে।
বোল্ট-জেমিসনদের দলে ফেরা নিয়ে কিউই কোচ গ্যারি স্টিড বলেছেন, ট্রেন্টের ওয়ানডে দলে ফেরাটা দুর্দান্ত ব্যাপার, সেও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি নিউজিল্যান্ডের জন্য বেশ ভালো পরীক্ষা হবে। ইংল্যান্ড সাদা বলে অনেক দিন ধরেই খুব ভালো দল। বিশ্বকাপের আগে আমরা তাদেরই মাঠে ভালো করতে চাই।
ভারতের মাটিতে ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ড মোকাবিলা করবে ইংল্যান্ডের। আগের আসরের দুই ফাইনালিস্ট দলও তারা, যেখানে ইংলিশরা শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলেছিল। আইসিসির এই মেগা আসরটির আগে ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড।
চোটের পর অস্ত্রোপচারের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে এই সিরিজ থেকে বিরতি দেওয়া হয়েছে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে। এছাড়া থাকছেন না মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশামও। তবে সম্প্রতি অনুশীলন শুরু করা অধিনায়ক কেইন উইলিয়ামসন পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ইংল্যান্ডে দলের সঙ্গে থাকবেন।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি