বাংলাদেশ সিরিজের জন্য তাড়াহুড়া করতে চাই না: উইলিয়ামসন
আইপিএলের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। এরপরই উইলিয়ামসনের বিশ্বকাপ খেলা শঙ্কায় পড়ে। তবে কয়েক দিন আগে থেকে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজে ফিরতে চান না তিনি।
বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজে ফেরাটা একটু বেশি তাড়াহুড়া হয়ে যাবে বলে মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপে ফেরাটাও এই মুহূর্তে ‘কঠিন’ তাঁর কাছে, তবে গতবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ভারতের মাটিতে খেলার আশা ছাড়েননি এখনো।
মাউন্ট মঙ্গানুইতে সাংবাদিকদের উইলিয়ামসন বলেন, ব্যাপারটা সোজাসাপটা না। আপনি হয়তো আগেভাগে কোনো লক্ষ্য ঠিক করে নিজেকে বোঝাতে চাইবেন। তবে এটা আসলে সেরে ওঠার অনেক উপকরণের ওপর নির্ভর করছে। স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারে, মুভমেন্ট নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে। তবে সবার আগে সেরে ওঠার ব্যাপারটা হতে হবে। আর তার আগে অনেক কিছু পর্যবেক্ষণ করতে হবে। সবকিছু বিবেচনায় তাই সিরিজটি (বাংলাদেশের বিপক্ষে) বেশ তাড়াহুড়া হয়ে যায়।
তিনি বলেন, আপাতত কিছু মুভমেন্ট বাড়ানোর চেষ্টা করছি। সেগুলোর তীব্রতা বাড়িয়ে আরও ভালো করার চেষ্টা করছি। উন্নতি হচ্ছে ভালোভাবেই। আশা করি, খুব বেশি দূরে নয় এসব।
তিনি আরো বলেন, বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ কিছু। তবে কবে ফেরার দিন আসবে, এখন সেটি বললে আসলে অনুমান করা হবে শুধু। এখনো অনেক কাজ বাকি। আপাতত আমাকে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে, সেটি অনুসরণ করছি ফিজিও, নিউজিল্যান্ড ক্রিকেট ও সাপোর্ট স্টাফের সঙ্গে। এটিও কঠিন। কারণ কোনো দিন বেশ ভালো যায়, কোনো দিন আবার একটু আলাদা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি