মাহমুদুল্লাহকে দলে না রাখায় মুশফিক পত্নীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস
একেবারে শেষ মুহুর্তে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণার আগ মুহুর্ত পর্যন্ত ১৭ সদস্য বিশিষ্ট স্কোয়াডে সবাই ধারণা করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন। তবে শনিবার বিসিবির দল ঘোষণার সময়ে মাহমুদউল্লাহর নামটা আর উচ্চারণ হয় নি। তাকে বাদ দিয়েই ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মাহমুদউল্লাহকে না নেওয়ার ইস্যুতে দেশের ক্রিকেটাঙ্গনের একাংশ নাখোশ। সেই দলে এবার যুক্ত হলেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।
মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম সম্পর্কে ভায়রা ভাই। টাইগার ভক্তদের সবারই জানা, আপন দুই বোনকে বিয়ে করেছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার।
মাহমুদউল্লাহকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিমের স্ত্রী মন্ডি। ফেসবুকে করা পোস্টে তিনি লিখেছেন, অবিচার করা এখন নতুন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
পোস্টে তিনি কারো নামও উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে, মাহমুদউল্লাহ ইস্যুতেই মন্ডি এই পোস্টটা দিয়েছেন ফেসবুকে। তার মতো দেশের ক্রিকেটাঙ্গনের একটা অংশ মনে করে, অভিজ্ঞ মাহমুদউল্লাহকে বাদ দিয়ে অবিচারই করা হয়েছে।
এর আগেও ক্রিকেটারদের পত্নীরা বিভিন্ন ইস্যুতে নিজেদের প্রোফাইলে অনুভূতি ব্যক্ত করেছেন। সেই তালিকায়, মাহমুদউল্লাহ ও মুশফিকের স্ত্রীরাও ছিলেন। সেসব নিয়ে আলোচনা হয়েছে, হয়েছে সমালোচনাও।
মাহমুদউল্লাহকে না নেওয়ার ব্যাখ্যায় বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, 'রিয়াদকে নিয়ে লং ডিসকাশন হয়েছে। টিম ম্যানেজমেন্ট আমাদের একটা প্ল্যান দিয়েছে। টিম ম্যানেজমেন্টের প্ল্যান ভালো মনে হয়েছে। কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করা হয়েছে, তারপরে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি