ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ভারত

আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ শক্ত চ্যালেঞ্জই দিয়েছিল ভারতকে। কিন্তু আইপিএলে মুড়িমুড়কির মতো রান করা যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলরা সেই লক্ষ্য তাড়া করতে নেমে করলেন ছেলেখেলা। তাতে বড় ব্যবধানে ভারত জয় পেল ক্যারিবীয়দের বিপক্ষে। পাঁচ ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

শনিবার (১২ আগস্ট) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। আগে ব্যট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭ ওভারেই জয় নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার দল।

টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯ রানের মাথায় হারায় দারুণ শুরু করা কাইল মায়ার্সের উইকেট। ৭ বলে ২ চার ও ১ ছয়ে ১৭ রান করা মায়ার্সকে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ান আর্শদীপ সিং। এরপর দলীয় ৫৪ রানে বিদায় নেন ১৮ রান করা ব্রেন্ডন কিং।  পরের ওভার করতে আসা কুলদীপ যাদবের বলে মাত্র ১ রান করে  নিকলাস পুরানও বিদায় নেন। একই ওভারে বিদায় নেন অধিনায়ক রোভম্যান পাওয়েলও।

তবে পঞ্চম উইকেট জুটিতে শাই হোপ ও শিমরন হেটমেয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। ৪৯ রান যোগ করেন দুজনে। ৪৫ রান করা হোপ চাহলের বলে ক্যাচ দিলে ভাঙে এই জুটি। ২৯ বলে ৩ চার ও ২ ছয়ে এই ইনিংস খেলেন হোপ। এরপর দলীয় ১১৮ রানে রোমারিও শেফার্ড ও ১২৩ রানে জেসন হোল্ডারও বিদায় নেন।

তবে শেষ পর্যন্ত হেটমেয়ারের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ক্যারিবীয়রা। ৩৯ বলে ৩ চার ও ৪ ছয়ে ৬১ রান করেন হেটমেয়ার। শেষদিকে ওডেন স্মিথ ১২ বলে ১৫ ) আকিল হোসেন ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

ভারতের পক্ষে আর্শদীপ ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। কুলদীপ যাদব শিকার করেন ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন যুঝবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার।

জবাবে ব্যাট করতে নামা ভারত জয়সওয়াল ও গিলের উদ্বোধনী জুটিতে ভর করে মাত্র ১৫.৩ ওভারেই ১৬৫ রান তুলে ফেলে। ৪৭ বলে ৩ চার ও ৫ ছয়ে ৭৭ রান করে গিল শেফার্ডের বলে বিদায় নিলেও জয়সওয়াল মাঠে থেকেই ম্যাচ শেষ করেন।

শেষ পর্যন্ত ৫১ বলে ১১ চার ও ৩ ছয়ে ৮৪ রান করে অপরাজিত থাকেন জয়সওয়াল। তাকে সঙ্গ দেন ৭ রান করা তিলক ভার্মা।

এই জয়ে ভারত পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরল। ফলে শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ জয়-পরাজয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads