জাতীয় ক্রিকেট দলের অনুশীলন চলাকালে মিরপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটে আগুন
এশিয়া কাপের আগে চলছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রুদ্ধদ্বার অনুশীলন। এর মধ্যেই ঘটল অনাকাক্সিক্ষত ঘটনা। হঠাৎই আগুন ধরে দেখা গেল শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের কয়েকটি বাতিতে।
বৃষ্টির বাগড়া পেরিয়ে সোমবার (১৪ আগস্ট) বিকেলে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টা দেড়েক পর শুরু হয় জাতীয় দলের মাঠের কার্যক্রম। মেঘলা আকাশ আর চারপাশ গুমোট থাকায় ফ্লাড লাইট জ্বালিয়েই শুরু হয় ম্যাচ পরিস্থিতির আদলে অনুশীলন।
কিছুক্ষণ পর পূর্ব গ্যালারির কাছের ফ্লাডলাইটে আগুন দেখা যায়। এই ঘটনায় পুরো দল অনুশীলন বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। তবে আগুন বেশিক্ষণ থাকেনি। ছড়িয়ে পড়া ধোঁয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার শুরু হয় অনুশীলন।
আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন। ‘ফ্লাড লাইটের নিচের দিকে আগুন ধরেছিল। এখানে বিষয়টা হলো, টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়েছিল। যে কারণে কিছু বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দেওয়ার পর আগুন নিভে যায়।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত সার্কিটগুলোতে কাজ করতে হবে। কিছু সার্কিট হয়তো বদলাতে হবে। ফ্লাড লাইটে আর তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি, সার্কিট বদলে দিলেই সমাধান হয়ে যাবে। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে।’
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গেল শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে অতিরিক্ত নেওয়া হয়েছে আরও ৩ ক্রিকেটারকে। এই ২০ জনের মধ্যে লিটন দাস, সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। এই দুইজন ছাড়া স্কোয়াডের বাকি সদস্যরা অনুশীলনে অংশ নিয়েছেন।
এশিয়া কাপে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তিনবারের রানার্সআপ বাংলাদেশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি