অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরলেন বেন স্টোকস

কয়েকদিন আগেই জানা গিয়েছিলো ওয়ানডে বিশ্বকাপকে সমানে রেখে বেন স্টোকসকে দলে ফেরাতে আলোচনায় বসবে অধিনায়ক জস বাটলার। অবশেষে সেই কথাই সত্য হলো, অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বেন স্টোকস। বিশ্বকাপ সামনে রেখে দেশের মাটিতে আগামী মাসের ৮ তারিখে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। 

গত বছরের জুলাইয়ে ওয়ানডে থেকে অবসরে গিয়েছিলেন স্টোকস। তবে আগামী অক্টোবর থেকে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে তার এ সংস্করণে ফেরার গুঞ্জন ছিল আগে থেকেই। ইংল্যান্ডের পুরুষ দলের নির্বাচক লুক রাইট স্টোকসের ফেরা সম্বন্ধে বলেছেন, সাদা বলে আমাদের যে মেধা, সেটিরই পরিচালনায় দুটি শক্তিশালী দল ঘোষণা করতে পেরেছি আমরা। বেন স্টোকসের ফিরে আসার মাধ্যমে তার ম্যাচ জেতানোর সামর্থ্য ও নেতৃত্বের গুণ সেখানে বাড়তি কিছু যোগ করবে। আমি নিশ্চিত প্রতিটি সমর্থক ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে তাকে ফিরতে দেখাটা উপভোগ করবে। 

নিউজিল্যান্ড সিরিজের দলে ফেরার মাধ্যমে স্টোকসের বিশ্বকাপ খেলাটাও প্রায় নিশ্চিত হয়ে গেল। যদিও বিশ্বকাপের প্রাথমিক দল এখনো ঘোষণা করেনি ইসিবি। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে হবে, চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ২৭ সেপ্টেম্বর।

গত ফেব্রুয়ারি থেকে হাঁটুর চোটে ভোগা স্টোকস সর্বশেষ অ্যাশেজেও সব মিলিয়ে মাত্র ২৯ ওভার বোলিং করেছেন। নিউজিল্যান্ড সিরিজ বা সামনের বিশ্বকাপে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই তার খেলার সম্ভাবনা বেশি। তাকে এ ভূমিকায় খেলানোর কথা বলেছিলেন সীমিত ওভারের প্রধান কোচ ম্যাথু মটও।

মিডল অর্ডারে স্টোকসের ফেরা, ভারতের কন্ডিশনে জো রুটদের অভিজ্ঞতা সব মিলিয়ে ওয়ানডে দলে জায়গা পাননি উঠতি তারকা হ্যারি ব্রুক। বিশ্বকাপ দলে জায়গা পেতে আপাতত টি-টোয়েন্টি দলে পারফর্ম করাই লক্ষ্য হতে পারে তার।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার, লুক উড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads