টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ১৯ রানে হারালো নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ১৩। র্যাঙ্কিংয়ের তিনে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ নম্বরে থাকা আরব আমিরাতের লড়াইটা তাই একপেশে হবে, এমনটাই অনুমিত ছিল। তবে সবাইকে ভুল প্রমাণ করে সংযুক্ত আরব আমিরাত লড়ল বীরের মতোই। ম্যাচের পরিপ্রেক্ষিতে কয়েকবার এগিয়েও গিয়েছিল স্বাগতিকরা। তবে শেষমেশ হার নিয়েই মাঠ ছাড়তে হয় মুহাম্মদ ওয়াসিমের দলকে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুবাইয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ১৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। বল হাতে ২৫ রানে ৫ উইকেট নিয়ে আমিরাতের ব্যাটিং লাইনকে একাই ধসিয়ে দিয়েছেন কিউ অধিনায়ক টিম সাউদি।
টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা ভালোই করে আরব আমিরাত। প্রথম বলেই চ্যাড বাওসকে সাজঘরের পথ দেখান জুনাইদ সিদ্দিকি। তবে ঝোড়ো ব্যাটিং করে কোনো চাপই আসতে দেননি টিম সাইফার্ট। ৩৪ বলে তার ৫৫ রানের ইনিংসে ৩ ছক্কার পাশাপাশি ছিল ২ চার।
সাইফার্টের বিদায়ের পর দ্রুত সময়ে আরও দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। তাতে রানের গতিও কমে আসে। এক পর্যায়ে ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। তবে সপ্তম উইকেটে রচীন রবীন্দ্র এবং ম্যাককঞ্চির ৪৬ রানের জুটিতে ১৫৫ রানের সংগ্রহ পেয়ে যায় সফরকারীরা।
১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আরব আমিরাত উইকেট হারায় প্রথম বলেই। সাউদির বলে উইকেট বিলিয়ে আসেন মুহাম্মদ ওয়াসিম। অরভিন্দ ফেরেন দলীয় ১৫ রানের মাথায়। দ্রুত দুই উইকেট হারানো আমিরাতকে এরপর পথ দেখান আরিয়ানশ শর্মা। অভিষেক ম্যাচেই খেলেন ৪৩ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস। তবে অপর প্রান্তে আরিয়ানশকে সঙ্গ দিতে পারেননি কেউই।
ম্যাচের এক পর্যায়ে ৬ ওভারে ৪৭ রান দরকার ছিল আরব আমিরাতের, হাতে ছিল ৬ উইকেট। তবে নিশামের বলে আরিয়ানশ ফিরলে এরপর আর কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেনি। শেষদিকে আলী নাসের ১৪ বলে ১৬ রান করলেও সেটা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি