অবশেষে সাবিনাদের সঙ্গে এশিয়ান গেমসে যাচ্ছেন কোচ টিটু

অবশেষে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ হিসেবে আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসে যাচ্ছেন সাইফুল বারী টিটু। সাবিনা খাতুনদের নতুন কোচ টিটুর এশিয়ান গেমসে নিবন্ধন নিয়ে জটিলতা ছিল। সেই জটিলতা কেটেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অনুরোধ আমলে নিয়ে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং হ্যাংজু এশিয়ান গেমস কর্তৃপক্ষ টিটুর নিবন্ধন অনুমোদন দিয়েছে। ফলে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাবিনাদের কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়াতে পারবেন তিনি। 

সাইফুল বারী টিটু এ প্রসঙ্গে বলেন, তিন দিন আগে জেনেছি হ্যাংজু এশিয়ান গেমসে আমার নাম নিবন্ধন করা গেছে। আসলে বিওএ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তরিক প্রচেষ্টায় এটা সফল হয়েছে।

টিটু আরো বলেন, হ্যাংজু এশিয়ান গেমসে গেলে এটি আমার চতুর্থ এশিয়াড হবে। তবে অন্য তিনটির তুলনায় এবারেরটা অবশ্যই ভিন্ন। আমি এই প্রথমবার দায়িত্ব পেয়েছি নারী দলের কোচ হিসেবে এবং বাংলাদেশ নারী দলের এটাই প্রথম এশিয়ান গেমস।

বাংলাদেশের ফুটবলে কোচ বা খেলোয়াড় হিসেবে চার এশিয়ান গেমসে অংশগ্রহণকারীর সংখ্যা খুবই কম। তাই নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন টিটু, একদিক থেকে আমি সৌভাগ্যবান কারণ দেশের অনেক বড় ফুটবল ব্যক্তিত্ব এশিয়াডে খেলতে কিংবা কোচ হিসেবে এশিয়ান গেমসে যেতে পারেননি। নানাভাবে আমার চারটি এশিয়াড হচ্ছে।

জাতীয় নারী দলের কোচ হলেও সাইফুল বারী টিটু একই সঙ্গে কোচিং করাচ্ছেন অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী দলকেও। এই দলটি ভিয়েতনামে খেলতে যাবে। ভিয়েতনাম সফর নিয়ে তিনি বলেন, মানসিকভাবে আমি ভিয়েতনাম যাওয়ারও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এখন এশিয়াডে নিবন্ধন হওয়ায় হয়তো চীনেই যাওয়া হবে। তবে দু’টো টুর্নামেন্টের জন্যই সেরা প্রস্তুতি গ্রহণের লক্ষ্য আমার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads