ধারাভাষ্য প্যানেল নিয়ে স্টার স্পোর্টসের নাটক: আতাহার আলীর বদলে শামীম আশরাফ
এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল নিয়ে একের পর এক নাটক করে চলেছে টুর্নামেন্টের সম্প্রচার প্রতিষ্ঠান ভারতের স্টার স্পোর্টস চ্যানেল। প্রথম ঘোষণায় অন্যান্যদের মধ্যে ছিল বাংলাদেশের আতাহার আলী খানের নাম। আতাহার বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং বিশ্বখ্যাত ধারাভাষ্যকার। সেই আতাহারকে প্যানেল থেকে বাদ দেয় স্টার স্পোর্টস চ্যানেল। এরপর বেশ কয়েক ঘণ্টা পর বাংলাদেশের শামীম আশরাফ চৌধুরীর নাম প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়।
শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপের জন্য দ্বিতীয় ঘোষণায় ১৯ সদস্যের যে ধারাভাষ্যকার প্যানেল চূড়ান্ত করে স্টার স্পোর্টস, সেখানে বিশ্বকাপ সহ বহু আন্তর্জাতিক আসর এবং টেস্ট ম্যাচে ধারাভাষ্য দেওয়া আতাহারের নাম বাদ রাখা হয়। সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ ধারাভাষ্যকার শামীম আশরাফেরও। তৃতীয় দফা ঘোষণায় শামীম আশরাফের নাম তালিকায় রাখা হলো।
] এখন ২০ সদস্যের ধারাভাষ্য প্যানেলে ভারতেরই রয়েছেন ১১ জন। বাংলাদেশের শামীম আশরাফ ছাড়াও রবি শাস্ত্রীর সঙ্গে তালিকায় আছেন ভারতের গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, পিযুষ চাওলা, সঞ্জয় বাঙ্গার, সঞ্জয় মাঞ্জরেকার, মোহাম্মদ কাইফ, দীপ দাশ গুপ্ত, রজত ভাটিয়া ও আদিত্য টার। তালিকায় শাস্ত্রী ও মাঞ্জরেকার ছাড়া কারোরই অভিজ্ঞতা নেই ধারাভাষ্যের। শাস্ত্রী ও মাঞ্জরেকার ছাড়া বাকি ওই ৯ জন সুযোগ পেয়েছেন শুধু ভারতীয় বলেই।
প্যানেলে দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। তারা হলেন; ওয়াসিম আকরাম, আমির সোহেল, ওয়াকার ইউনুস ও বাজিদ খান। শ্রীলঙ্কা থেকে আছেন কেবল সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু। এশিয়ার বাইরে থেকে আছেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং ইংল্যান্ডের ডমিনিক কর্ক।
আগামী ৩০ আগস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসরের। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী প্রথমবারের মতো সুযোগ পাওয়া নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে হবে এশিয়া কাপের ফাইনাল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি