নতুন মাঠে কাদিসের বিরুদ্ধে দুর্দান্ত জয় বার্সেলোনার
সেই চেনা আঙিনা নেই বার্সেলোনার। মৌসুম শুরুর আগেই থেকেই তারা যেন্ েঘর ছাড়া।
তাই এস্তাদি অলিম্পিক উইস কম্পানিস-কেই নতুন ঘর বানিয়েছে বার্সা। রোববার এই মাঠে প্রথমবারের মতো খেলতে নেমেছিল কাতালান ক্লাবটি। কাদিসকে ২-০ গোলে হারিয়ে নতুন ঘরের শুভ উদ্বোধন করেছে বার্সেলোনা।
জয় পেতে অবশ্য কষ্ট হয়েছে বার্সার। রবের্ত লেভানদফস্কি এখনো ফর্ম খুঁজে পাননি। তাকে কেন্দ্র করে একের পর এক ক্রস করে গোল পাওয়ার যে পরিকল্পনা শাভি করেছেন, তা কাজে আসছে না। ফলে ৮১ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি দলটি। শেষ দিকে পেদ্রি ও ফেরান তোরেস দুই গোল করে স্বস্তি এনে দেন কোচকে।
মৌসুমের প্রথম ম্যাচে হেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। সে ম্যাচে লাল কার্ড দেখেন রাফিনিয়া ও শাভি। গতকাল একাদশে রাফিনিয়ার জায়গাটা পান ১৬ বছরের বিস্ময়বালক লামিন ইয়ামাল। মাত্র দুই সেন্টারব্যাক ও এক ফুলব্যাক নিয়ে নেমেছিল বার্সেলোনা।
ছয় মিডফিল্ডারের মধ্যে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে সেন্টারব্যাক হিসেবে খেলিয়েছেন শাভি। ইয়ামালও খেলেছেন উইংব্যাক হিসেবে। কিন্তু এভাবে কোনো ফল পায়নি বার্সেলোনা। বালদের জায়গায় আনসু ফাতি ও গাভির পরিবভর্তে আরেক উইঙ্গার আবদে এজ্জালজুলি নামার পর বার্সেলোনার খেলায় গতি ফেরে।
যদিও গোল এসেছে দুই মিডফিল্ডারের সুবাদে। ৮২ মিনিটে পেদ্রি বক্সের বাইরে বল পেয়ে সেটা গুনদোয়ানের কাছে পাঠান। গুনদোয়ানের থ্রু বল কাদিস ডিফেন্সকে একদম হতভম্ব করে দেয়। পেদ্রির শট এগিয়ে এসেও ঠেকাতে পারেননি কাদিস গোলকিপার লেদেসমা।
৮৫ মিনিটে ইয়ামালের বদলি হিসেবে নামেন তোরেস। মূল একাদশে জায়গা না পাওয়ার দুঃখ তোরেস ভুলেছেন ৯ মিনিটের মধ্যে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বার্সা গোলকিপার টের স্টেগেনের কিক মাঝমাঠে লেভানদফস্কি ধরে বাড়িয়ে দেন তোরেসের দিকে। সমতায় ফেরাতে মরিয়া কাদিসের খেলোয়াড়রা তখনো নিজেদের গুছিয়ে নিতে পারেননি রক্ষণে। এক দৌড়ে গোল করে তবেই ফিরেছেন তোরেস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি