এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলো ভারত
আর মাত্র আট দিন পরে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৬তম আসর। প্রতিবারের মতো এবারো হট ফেভারিট হিসেবেই মহাদেশীয় এই আসরে অংশ নিতে যাচ্ছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। এই আসরের জন্য সোমবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অধীনেই এশিয়া কাপে অংশ নিবে ভারত। দলে জায়গা দেওয়া হয়েছে ইনজুরি থেকে ফিরে আসা দুই ক্রিকেটার কেএল রাহুল এবং শ্রেয়াশ আইয়ারকে। যদিও তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে ছিল বড় রকমের সন্দেহ।
নতুন মুখ হিসেবে তিলক ভার্মাকেও রেখেছেন নির্বাচকরা। উইন্ডিজ সফরে তার আগ্রাসী ব্যাটিং বেশ মনে ধরেছিল সাবেক ক্রিকেটারদের। নির্বাচক প্যানেলও আস্থা রাখছে মিডলঅর্ডার এই ব্যাটারের উপর।
দলে রাখা হয়েছে উইকেটরক্ষক ইশান কিষাণকেও। বাদ পড়েছেন স্যাঞ্জু স্যামসন এছাড়া অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার পাশাপাশি জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদ্বীপ যাদবের নামও এসেছে।
ইনজুরি থেকে ফিরেই আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হয়েছেন জাসপ্রীত বুমরাহ। তাকেও এশিয়া কাপের জন্য বিবেচনা করছে ভারত। বাকি পেসারদের মধ্যে আছেন শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা।
এশিয়া কাপে ভারত একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াশ আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, প্রাসিধ কৃষ্ণা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি