এবাদতের ইনজুরিতে কপাল খুললো তানজিম সাকিবের

গত মাসে ঘরের মাঠে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এবাদত। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। তাই আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। আর ইবাদতের ইনজুরিতে কপাল খুলেছে তরুণ পেসার তানজিম হাসান তামিম। মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবাদতের শূন্য জায়গা পূরণ করার জন্য অবশ্য একাধিক বিকল্প ছিল বিসিবির হাতে। সেই তালিকায় ছিলেন তানজিম সাকিব, খালেদ আহমেদের মতো পেসাররা। তবে সাম্প্রতিক ফর্ম আর ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় খালেদের তুলনায় ঢের এগিয়ে ছিলেন সাকিব।

তাছাড়া এই তরুণ পেসারকে বিকল্প হিসেবে আগে থেকেই এশিয়া কাপের অতিরিক্ত ৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল। শেষমেশ এবাদতের চোটে কপাল খুলেছে যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেলেন সাকিব। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত এই আসরে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। মোট ৩ ম্যাচ খেলে শিকার করেছিলেন ৯ উইকেট। যেখানে ওমানের বিপক্ষে ১৮ রানে পেয়েছিলেন ৪ উইকেট।

এখনো পর্যন্ত লিস্ট 'এ' ক্রিকেটে সবমিলিয়ে ম্যাচ খেলেছেন ৩৭টি। যেখানে প্রায় ২৯ গড়ে শিকার করেছেন ৫৭ উইকেট। এই সময়ে তিনি বোলিং করেছেন ৫.৪৪ ইকোনোমিতে। ডানহাতি মিডিয়াম পেসের সঙ্গে লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতেও কার্যকর সাকিব। লিস্ট এ’ ক্রিকেটে ৩৭ ম্যাচে প্রায় ১২ গড়ে করেছেন ১৫৩ রান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads