বিশ্বকাপের আগে বাবরদের স্পিন দুর্বলতা কমাতে বললেন রমিজ রাজা
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ব্যাটিংয়ে বাবর-রিজওয়ানদের দুর্বলতা খুঁজে পেয়েছেন সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। স্পিনারদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিংয়ে দুর্বলতা ফুটে উঠেছে। তাই আসন্ন দুই টুর্নামেন্টে ভালো করতে হলে দলকে দ্রুতই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে বলে মনে করেন তিনি। গত মঙ্গলবার পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে বললেন রমিজ।
শ্রীলংকার হাম্বানতোতায় মঙ্গলবার প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের স্পিন বোলিংয়ের সামনে নাকাল হয় পাকিস্তানের ব্যাটিং। আফগানদের বিপক্ষে এই সংস্করণে প্রথমবারের মতো হয় অল আউট, ২০১ রানে।
১০ উইকেটের ৮টিই নেন আফগানিস্তানের স্পিনাররা। এর মধ্যে মূল তিন স্পিনার মুজিব উর রহমান, মোহাম্মদ নবি ও রাশিদ খান মিলে নেন ৭টি।
যদিও ফাস্ট বোলার হারিস রউফের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে স্রেফ ৫৯ রানে থামিয়ে বড় জয়ই পায় বাবর আজমের দল।
তবে এই সিরিজের পর শ্রীলংকাতেই হবে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ। টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানেও। এরপর ভারতে হবে বিশ্বকাপ। এসব জায়গায় স্পিন সহায়ক কন্ডিশনে খেলা হবে বলেই ধারণা করা হচ্ছে।
তাই এশিয়ান কন্ডিশনে স্পিন বোলিং মোকাবিলায় পাকিস্তানের ব্যাটসম্যানদের আরো ভালো হতে হবে। তিনি বলেন, স্পিন বোলিংয়ের বিপক্ষে পাকিস্তান সমস্যায় পড়ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান করতে হবে, কারণ ওখানেও তাদের একই কন্ডিশনে খেলতে হবে। যদি আমরা এই সমস্যার সমাধান না করি, তাহলে টুর্নামেন্টে সামনে এগোনো সত্যিই কঠিন হবে।
তিনি আরো বলেন, পাকিস্তান দল বাবর আজমের ওপর অনেক বেশি নির্ভরশীল, সেটা টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে বা টি-টোয়েন্টি। শূন্য রানে আউট হলেও সে খবরের শিরোনাম হয়। বাবরের ওপর দলের অতি নির্ভরতা কমাতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি