ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে ৮৯ রানের জয়ে নেট রান রেটের হিসেবে সুপার ফোরে খেলা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। আফগানদের বিপক্ষে ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বাংলাদেশের টপ অর্ডারে ভরসার প্রতীক শান্ত। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার দিনে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তবে এশিয়া কাপে আর খেলা হচ্ছেনা শান্তর।
গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, ব্যাটিংয়ের সময় শান্ত হ্যামস্ট্রিং ব্যথা অনুভব করেছিলেন এবং ফিল্ডিং করতে পারেননি। তার পেশি ছিঁড়ে যাওয়া নিশ্চিত করতে আমাদের একটি এমআরআই স্ক্যান করেছিলাম। শান্ত এই টুর্নামেন্টে আর অংশ নেবে না এবং পুনর্বাসন শুরু করতে ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি