২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লীগ
শোবিজ জগতের তারকাদের নিয়ে দেশে এবার শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল) বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেটের আগে জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানাতে তারকাদের এমন ক্রিকেট উৎসব।
সোমবার রাতে রাজধানী গুলশান ক্লাবে প্রেস মিটের মাধ্যমে বিশ্বকাপে জাতীয় দলকে উজ্জীবিত করতে এই আয়োজন করেছে জেনারেশন নেক্সট।
জেনারেশন নেক্সট জানিয়েছে, ৮ নির্মাতার নেতৃত্বে ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। এই আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য সেলিব্রিটিরা ক্রিকেট লীগে অংশগ্রহণ করতে সম্মত হয়েছে।
দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। গ্রুপ পর্যায়ের খেলা শেষে ৪টি, সেমিফাইনাল শেষে দুটি দল ফাইনাল খেলবে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের খেলা এবং ৩০ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
এছাড়াও ১৯৯৭ সালে আইসিসি ট্রফি বিজয়ী দল দুভাগে বিভক্ত হয়ে একটি প্রীতি ম্যাচ খেলবে।
তারকাদের দলনেতারা হলেন- শিহাব শাহীন, গিয়াসউদ্দীন সেলিম, চয়নিকা চৌধুরী, সালাউদ্দীন লাভলু, দীপঙ্কর দীপন, মোস্তফা কামাল রাজ, রায়হান রাফী এবং সকাল আহমেদ। প্রতি দলে অভিনেতা, গায়ক-গায়িকা, মডেলসহ মোট ১৬ জন করে তারকা রয়েছেন। ২৮, ২৯ ও ৩০ সর্বমোট ১৬ টি খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।
অনুষ্ঠানে ৮ দলের অধিনায়ক ও অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উত্তম বনিক চেয়ারম্যান জেনারেশন নেক্সট, মামুদুর রহমান ডিরেক্টর এন্ড সিইও জেনারেশন নেক্সট ও ওয়াসিম খান কো-চেয়ারম্যান। সকল খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস বলে জানান আয়োজক প্রতিষ্ঠান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি