আট বছর পর আইপিএলে ফিরছেন স্টার্ক

 গত জুলাইয়ে ইংল্যান্ডের মাঠে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ ড্র করে ট্রফি ধরে রেখেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে অজিদের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মিচেল স্টার্ক। এদিকে আগামী ৫ অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অজিদের দলের গুরুত্বপূর্ণ সদস্য এই গতিদানব পেসার। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নিজেকে সম্পূর্ণ ফিট রাখতে ২০১৫ সালে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্টার্ক। তবে ২০২৪ আইপিএল দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন এই অজি পেসার।

তবে আইপিএলে ফেরার পেছনে স্টার্কের নির্দিষ্ট লক্ষ্যও আছে। আগামী বছরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার প্রস্তুতি হিসেবেই আইপিএলে খেলতে চান তিনি। এর আগে আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে স্টার্ক দুই মৌসুমে ২৭ ম্যাচ খেলেছিলেন। যেখানে তার শিকার ৩৪টি উইকেট। সবশেষ ২০১৫ সালে আইপিএলে খেলেছেন স্টার্ক।

এরপর ২০১৮ সালে স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ালেও ওই সময়ে ইনজুরি এবং আন্তর্জাতিক ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি নাম প্রত্যাহার করে নেন। এরপর গত আইপিএলের নিলামের আগ মুহূর্তে অ্যাশেজ ও বিশ্বকাপের ফিট থাকতে আইপিএল থেকে সরে দাঁড়ান স্টার্ক।

স্টার্ক বলছেন, আট বছর হয়ে গেছে সবশেষ আইপিএলে খেলেছি। আমি আগামী বছরই ফিরতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যা খুব গুরুত্বপূর্ণ। যদি আইপিএলের কোনো দল আমার জন্য আগ্রহ দেখায় সেটি আমার জন্য ভালো সুযোগ হতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads