বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফের মুখোমুখি শনিবার

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এশিয়া কাপে আবার মুখোমুখি হচ্ছে। এবার সুপার ফোর পর্বে। চলমান আসরে বাংলাদেশের শুরুটাই হয় গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে। এরপরও আফগানদের হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় টাইগাররা। যেখানে পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ করুণভাবে হেরে কোণঠাসা হয়ে পরে সাকিব বাহিনী। 

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে তাই লঙ্কানদের বিরুদ্ধে জিততেই হবে সাকিব সেনাদের। এমনকি পরের ম্যাচ ভারতের বিরুদ্ধেও জিততে হবে। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘হাইব্রিড’ এশিয়া কাপে দু’টি ম্যাচ খেলেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয়ের উচ্ছ্বাস এবং পাকিস্তানের বিপক্ষে হারের তিক্ত স্বাদ নিয়ে সুপার ফোরের অবশিষ্ট দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ দল বৃহস্পতিবার বিকালে পা রেখেছে শ্রীলঙ্কার কলম্বোয়। দ্বীপরাষ্ট্রে একটি ম্যাচ অবশ্য আগেই খেলেছে সাকিব বাহিনী। আসরের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৫ উইকেটে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 

এর আগে এই মাঠে লঙ্কানদের বিপক্ষে আরও ৯টি ম্যাচ খেলেছে টাইগাররা। হেরেছে সব ম্যাচেই। ২০০২ সালে ৫৮ রানে, ২০০৪ সালে ১০ উইকেটে, ২০০৫ সালে ৬ উইকেট ও ৭৫ রানে, ২০০৭ সালে ৩৯ রান ও ৫ উইকেটে এবং ২০১৯ সালে ১২২ রান, ৭ উইকেটে ও ৯১ রানে হেরেছিল। 

বাংলাদেশের দলনায়ক সাকিব আল হাসান বলেছেন, আমাদের পরিসংখ্যানের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। এশিয়া কাপের ফাইনালে খেলার তীব্র বাসনা নিয়ে লড়াই করতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, ম্যাচ জিতে মাঠ ছাড়তে হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads