যেভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ

 ছয়টি দল নিয়ে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। ইতোমধ্যে দুদলের বিদায়ের পরে বাকি চার দল নিয়ে চলছে সুপার ফোরের খেলা। প্রতি দল এই পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। এরপরে পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল যাবে ফাইনালে। বাংলাদেশ একটি ম্যাচ খেলে হারের মুখ দেখেছে। তবুও টাইগার বাহিনীর সামনে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে জয় তুলে নেয়ার জন্য মুখিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। এর আগে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে বাকি দুটি ম্যাচে জয় ভিন্ন পথ নেই। 

প্রথম ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। বেশ কয়েকটি সমীকরণে টাইগার বাহিনী ফাইনালে যেতে পারে। সেগুলো এক নজরে দেখে নেয়া যাক-

প্রথম সমীকরণ
শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় পেতে হবে। এ দিকে পাকিস্তান ইতোমধ্যে তিন ম্যাচের একটি জিতেছে, বাকি দুটিতে বাবর আজমের দল জয় পেলে বাংলাদেশের ফাইনালে ওঠার রাস্তা সহজ হবে। তখন সাকিবদের পয়েন্ট হবে ৪। আর শ্রীলঙ্কা ও ভারতের পয়েন্ট ২ বা ০ হবে। তাতে ফাইনাল খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

দ্বিতীয় সমীকরণ
বাংলাদেশ যদি বাকি ২ ম্যাচ জেতে এবং পাকিস্তান বাকি ২ ম্যাচের একটি জেতে, তাহলে সমীকরণ কিছুটা কঠিন হবে। সেক্ষেত্রে রোহিত শর্মার দল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারালে তিন দলের (বাংলাদেশ, পাকিস্তান ও ভারত) পয়েন্ট হবে চার। এর মধ্যে রানরেটে এগিয়ে থাকা দুদল যাবে ফাইনালে।

তৃতীয় সমীকরণ
শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বাংলাদেশ যেকোনো এক ম্যাচ জিতলেও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে সাকিব বাহিনীর সামনে। সেক্ষেত্রে বাকি তিন দলের ওপরেই নির্ভর করতে হবে বাংলাদেশের। বাবর আজমেরা বাকি ২ ম্যাচ জিতলে এবং ভারত, শ্রীলঙ্কা ১টি করে জিতলে তিন দলের (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা) পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দল পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে। 
 
এর বাইরে যদি পাকিস্তান যেকোনো একটি ম্যাচ হেরে যায়, তাহলে বাংলাদেশের বাদ পড়ার শঙ্কা বেশি। এছাড়া ভারত ও শ্রীলঙ্কা ২টি করে ম্যাচ জিতলেও বাংলাদেশ বাদ পড়বে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads