বলিভিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি পেলেকে টপকে গেলেন নেইমার

গত মাসে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে নতুন ক্লাবের জার্সি পরে এখনো মাঠে নামেননি তিনি। কিন্তু ইনজুরি কাটিয়ে কাতার বিশ্বকাপের পর শনিবার ভোরে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন নেইমার। এদিন ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামার আগে থেকেই নেইমারকে হাতছানি দিচ্ছিলো ইতিহাস গড়ার। কিংবদন্তি সাবেক ফুটবলার পেলেকে টপকে রেকর্ডবুকে নাম তোলার। 

নেইমারের রেকর্ড গড়ার দিনে সেলেসাওরা বলিভিয়াকে হারিয়েছে ৫-১ ব্যবধানে। রদ্রিগো ও নেইমারের জোড়া গোলে বড় জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার মিশন শুরু হয় ব্রাজিলিয়ানদের। 

ম্যাচের ৬১ মিনিট অপেক্ষার পর অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। বলিভিয়ার জালে গোল ঠুকে দিয়ে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখালেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে বর্তমানে নেইমারের গোলসংখ্যা ৭৮। 

ইতিহাসের পাতায় নাম নেইমার লেখাতে পারতেন ম্যাচের শুরুতেই। পেনাল্টি শ্যুট আউট থেকে গোল করে পেলেকে টপকে যাওয়ার সুযোগ নেইমার পেয়েছিলেন ম্যাচের ১৭তম মিনিটেই। কিন্তু পেনাল্টিতে দক্ষ এই ফুটবলার বলিভিয়ার বিপক্ষে যেই শটটি নিলেন সেটি দেখে রীতিমতো ভিমড়ি খাওয়া লাগবে। দেখেশুনে শটটি নেইমার নিয়েছিলেন গোলরক্ষকের বরাবর। যেন তাকে অনুশীলন করাচ্ছিলেন গোল ঠেকানোর। 

সেই শট ঠেকিয়ে দিয়ে বলিভিয়ার গোলরক্ষক নেইমারের রেকর্ডবুকে নাম তোলার অপেক্ষাটা করেন দীর্ঘায়িত।

কিন্তু ম্যাচের ৬১তম মিনিটে সুযোগ হাতছাড়া করেননি ব্রাজিলিয়ান এই তারকা। ডিবক্সের ভেতর জটলার মধ্যে রদ্রিগোর পা হয়ে বল আসে নেইমারের সামনে। সেখান থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম তোলেন রেকর্ডবুকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads