ফখর জামানকে আর একাদশে সুযোগ দিতে চান না রমিজ

 চলমান এশিয়া কাপে এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। নেপাল ও বাংলাদেশে বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে ওঠার লড়াইয়ে সবার থেকে এগিয়ে বাবর আজমের দল। তবে ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে ঘুরছেন পাক ওপেনার ফখর জামান। নেপালের বিপক্ষে ১৪ রান করার পর বাংলাদেশের বিপক্ষে করেছেন মাত্র ২০ রান। 

পাকিস্তানি সাবেক তারকা ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা আর ফখরকে সুযোগ দেওয়ার পক্ষে না। তুলে ধরেছেন ফখরের বিভিন্ন সমস্যা। নিজস্ব ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ফখর জামানের ইনসুইং-এ সমস্যা আছে, আউটসুইং-এও সমস্যা আছে। ব্যাটের গ্রিপে সমস্যা আছে। বারবার সুযোগ পাচ্ছেন। এটা নিয়ে মানুষের মনে বাজে ধারণা আসবে যে সবাইকে সমানভাবে দেখা হচ্ছে না। 

আমি জানি, ফখর বড় ম্যাচের খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় তাকে একের পর এক সুযোগ দেওয়া হচ্ছে। এটা ঠিক না, পাকিস্তানের জন্যও ঠিক না। পাকিস্তানের অনেক রিজার্ভ খেলোয়াড় আছে। আমি চাই আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস সুযোগ পাক।

রমিজ কথা বলেছেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়েও। পাকিস্তানি পেসারদের প্রশংসার পাশাপাশি সমালোচনা করেছেন ব্যাটারদের। তার কাছে মনে হয়েছে ব্যাটাররা উইকেট বাঁচিয়ে খেলতে চেয়েছেন।

রমিজ মনে করেন আরও আগে রান চেইজ করে ফেলতে পারত পাকিস্তান। একইসাথে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে। 

এদিকে এশিয়া কাপের সুপার ফোরে আগামী ১০ সেপ্টেম্বর কলম্বোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এর পর ১৪ সেপ্টেম্বর একই মাঠে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ম্যাচ বাবর আজমের দলের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads