নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল বাটলারের দল। রোববার (১০ সেপ্টেম্বর) বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৭৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। এতে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় আনল স্বাগতিকরা।
প্রথম ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের বড় বিপদে ফেলে সফরকারীরা। ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরির আগুনে বোলিংয়ে স্কোরবোর্ডে মাত্র ২৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক বাটলার এবং মঈন আলি। তবে তাদের জুটিও বেশিক্ষণ টেকেনি। এমন বিপর্যয় অবস্থা থেকে এরপরও ব্যাটিংয়ে নেমে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারান। এই দুইজন মিলে গড়েন ১১২ রানের জুটি। কারান ৪২ রানে আউট হলেও, লিভিংস্টোন অপরাজিত ছিলেন ৯৫ রানে। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২২৬ রান। কিউইদের হয়ে ৩টি উইকেট পান বোল্ট। এছাড়াও দুইটি উইকেট পেয়েছেন সাউদি।
৩৪ ওভারের ম্যাচে ইংল্যান্ডের দেয়া ২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে সফরকারীরা। যা পুরো ম্যাচে অব্যাহত থাকে। নিউজিল্যান্ডের হয়ে গত ম্যাচে শতক হাঁকানো ড্যারিল মিচেল বাদে কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। মিচেলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৭ রান।
ইংল্যান্ডের দুই বাঁহাতি পেসার টপলি এবং উইলির বোলিং তোপে মাত্র ১৪৭ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৭৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ইংল্যান্ড। টপলি এবং উইলি দুইজনই পেয়েছেন তিনটি করে উইকেট। ২ উইকেট পেয়েছেন মঈন আলি। আগামী বুধবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এই দুই দলের তৃতীয় ওয়ানডে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি