শ্রীলঙ্কায় ক্যাসিনো ক্লাবে গিয়ে বিপাকে দুই পিসিবি কর্মকর্তা
চলমান এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ খেলতে পাকিস্তান দল এখন শ্রীলঙ্কায়। সেখানে লঙ্কানদের ক্যাসিনোতে দেখা গেল পাকিস্তান দলের দুই কর্মকর্তাকে। পাক দলের মিডিয়া ম্যানেজার উমর ফারুখ কালসন ও আদনান আলির ক্যাসিনোয় যাওয়ার ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তারপর থেকেই আইসিসির কড়া নজরদারির মুখে পড়েছেন পাক দলের দুই সদস্য। প্রসঙ্গত আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, ক্রিকেট দলের সদস্যদের ক্যাসিনোয় যাওয়া উচিত নয়।
পিসিবি সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন পিসিবি কর্মকর্তাকে শ্রীলঙ্কায় যাতায়াত করতে হয়েছে। টুর্নামেন্ট আয়োজন করতে সেদেশেই দীর্ঘদিন ধরে থাকতে হয়েছে কর্তাদের। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে দুই কর্তার ক্যাসিনোয় যাওয়ার ছবি।
এই ছবি প্রকাশ্যে আসতেই পাক ক্রিকেটমহলে বিতর্কের ঝড় ওঠে। সাফাই দিয়ে বাবর আজমের দলের দুই সদস্য জানান, জুয়া খেলতে ক্যাসিনোয় যাননি তারা। শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই গিয়েছিলেন ক্যাসিনোয়। তবে এই যুক্তিতেও চিঁড়ে ভেজেনি। পাক ক্রিকেটার থেকে শুরু করে আমজনতার দাবি, শুধু নৈশভোজ সারতে কেউ ক্যাসিনোয় যায় না। দেশের মানুষকে বোকা বানাতে চাইছে পাক বোর্ডের সদস্যরা। দুই কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করারও দাবি উঠেছে পাক ক্রিকেট মহলে।
পাকিস্তান দলের দুই সদস্যের ক্যাসিনোয় যাওয়া ছবি প্রকাশ্যে আসতেই আইসিসি নড়েচড়ে বসেছে । গড়াপেটা রুখতে দীর্ঘদিন ধরেই টুর্নামেন্ট চলাকালীন ক্যাসিনোর মতো এলাকায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই ক্যাসিনোয় হাজির দুই মিডিয়া ম্যানেজার। আপাতত তাদের গতিবিধির দিকে কড়া নজর রাখছে আইসিসি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি