ভারতের কাছে হেরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন পাকিস্তানের কোচ ব্র্যাডবার্ন
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ২২৮ রানের লজ্জার হারের স্বাদ পেয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপের আগে এমন হারে ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন পাকিস্তানের হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন।
নিউজিল্যান্ডের এই কোচ বলেন, আমরা গত তিন মাস ধরে একটি ম্যাচও হারিনি। তাই এটি (ভারতের বিপক্ষে হার) একটি সময়োপযোগী সতর্কসংকেত। আমাদের প্রতিনিয়ত নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। আমাদের কাছে গত দুই দিনে এটি উপহার।
ব্যাট-বলে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ব্র্যাডবার্নও সেটি স্বীকার করলেন অকপটে। তিনি বলেন, আমরা খেলার প্রতিটি বিভাগেই হেরেছি। কোনো অজুহাত নেই। গত দুই দিনে আমরা যথেষ্ট ভালো খেলিনি।
এবারের এশিয়া কাপে প্রথম দেখায় ভারতীয় টপ অর্ডার একাই গুড়িয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ার আগে ভারত অলআউট হয় ২৬৬ রানে। তবে দ্বিতীয়বার মুখোমুখিতে উল্টো পাক পেসারদের ওপর চড়াও হয়েছে রোহিত-গিল ও কোহলিরা।
অবশ্য এ নিয়ে তেমন অবাক হননি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন। বলেন, অবশ্যই চমক ছিল না। সবাই দেখেছে আমাদের বোলিং আক্রমণ কতটা প্রাণঘাতী এবং ভালো দলগুলো সেটাকে মোকাবিলা করতেই চাইবে।
পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা নিয়ে এই কোচ বলেন, আমাদের ব্যাটাররা নিয়মিত রান পাচ্ছেন না। তবে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তারা আবারো ঠিকই ঘুরে দাঁড়াবে। লঙ্কানদের বিপক্ষে জয় পেলে আবারো ফাইনালে দেখা যেতে পারে দুই দলের লড়াই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি