ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজের জন্য গত রাতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দলের একাংশ। লর্ডসে গত পরশু ইংল্যান্ডের বিপক্ষে শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। দলের বাকি সদস্যরা আজ বিকেলে আসছে বাংলাদেশে। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলো। টেস্ট সিরিজ খেলতে বিশ্বকাপের পর কিউই দল আবার আসবে বাংলাদেশ সফরে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্বিতীয় সারির দল নিয়ে আসছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, টম লাথাম, টিম সাউদি, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশামদের কেউই থাকছে না এই সিরিজে। তবে ব্ল্যাকক্যাপস দলে রয়েছেন অনেক দিন পর ফেরা ট্রেন্ট বোল্ট। ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে রয়েছেন লকি ফার্গুসন। দলে আছেন পেস আক্রমণে কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। আরব আমিরাতের বিপক্ষে সবশেষ টি-২০ সিরিজে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের।

নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজে প্রথম তিনটি শেষে ২-১-এ এগিয়ে ছিল ইংল্যান্ড। শেষ ম্যাচে গত পরশু ওপেনার ডেভিড মালানের সেঞ্চুরি ও মঈন আলীর ঘূর্ণিতে ১০০ রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ইংলিশদের গড়া ৯ উইকেটে ৩১১ রানের জবাবে ৩৮.২ ওভারে ২১১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। ম্যাচে মালান ১২৭ রান ও মঈন ৪ উইকেট নেন। ম্যাচ ও সিরিজসেরা মালান।

নিউজিল্যান্ড দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলাস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads