সিরাজের আগুনে বোলিংয়ে ৫০ রানেই অলআউট শ্রীলঙ্কা
অনেক নাটকীয়তার পর হাইব্রিড মডেলে পর্দা উঠেছিলো এশিয়া কাপের ১৬তম আসরের। জমজমাট আসরের ফাইনালে শক্তিশালী ভারত এবং স্বাগতিক শ্রীলঙ্কার লড়াই দিয়ে পর্দা নামতে চলেছে। রোববার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সপ্তম শিরোপা জয়ের লক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো শ্রীলঙ্কা।
তবে এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। শুরু থেকেই উইকেট মিছিল শুরু করে দলটির ব্যাটিং লাইন। শুরুতে বুমরাহ কুশাল পেরেরাকে (০) রানে সাজঘরে ফেরান। এরপর একে একে পাথুম নিশানকা (২), সাদিরা সামারাবিক্রমা (০), আসালাঙ্কা (০), ডি, সিলভা রানে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনকে গুড়িয়ে দেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।
শুরুর ধাক্কা সামলাতে না সামলাতেই পরের ওভারে লঙ্কান অধিনায়ককে শূন্য রানে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট শিকার করেন সিরাজ। এরপর জুটি গড়ার চেষ্টা করেন কুশাল মেন্ডিস ও দুনিথ ওয়েল্লালাগে। তবে তাকেও ব্যাক্তিগত ১৭ রানে সাজঘরে পাঠিয়ে নিজের ৬ষ্ঠ এবং দলীয় সপ্তম উইকেট শিকার করেন সিরাজ। অষ্টম উইকেটটি নেন হার্দিক পান্ডিয়া।
সবশেষ দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ৫০ রানের মধ্যেই অলআউট করে ফেলেন হার্দিক পান্ডিয়া। ভারতের হয়ে বোলিংয়ে সিরাজ সর্বোচ্চ ৬ টি, হার্দিক পান্ডিয়া ৩ টি এবং বুমরাহ ১টি উইকেট নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি