লঙ্কানদের লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো ভারত

অনেক নাটকীয়তার পর হাইব্রিড মডেলে পর্দা উঠেছিলো এশিয়া কাপের ১৬তম আসরের। জমজমাট আসরের ফাইনালে শক্তিশালী ভারত এবং স্বাগতিক শ্রীলঙ্কার লড়াই দিয়ে পর্দা নেমেছে।

রোববার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সপ্তম শিরোপা জয়ের লক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে মাত্র ৫০ রানে অলআউট হয় স্বাগতিকরা। যা এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন এবং ওয়ানডে ক্রিকেটের দশম সর্বনিম্ন স্কোর। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ ওভার ১ বলেই লক্ষে পৌঁছে যায় ভারত। ফলে এশিয়া কাপের ১৬তম আসরের চ্যাম্পিয়ন ভারত। এতে আসরের অষ্টম শিরোপা ঘরে তুলেছে রোহিত-কোহলিরা।

স্বল্প রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং তাণ্ডব শুরু করেন দুই ভারতীয় ওপেনার ঈষান কিষান ও শুভমান গিল। ঈষানের ১৭ বলে ২২ রান এবং গিলের ১৮ বলে অপরাজিত ২৩ রানে ভর করে লঙ্কানদের ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে নামে শ্রীলঙ্কা। শুরুতে বুমরাহ কুশাল পেরেরাকে ‘শুন্য’ রানে সাজঘরে ফেরান। এরপর একে একে পাথুম নিশানকা ২, সাদিরা সামারাবিক্রমা শুন্য, আসালাঙ্কা শুন্য, ডি. সিলভা ৪ রানে আউট হলে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনকে গুড়িয়ে দেন পেসার সিরাজ।

শুরুর ধাক্কা সামলাতে না সামলাতেই পরের ওভারে লঙ্কান অধিনায়ককে শূন্য রানে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট শিকার করেন সিরাজ। এরপর জুটি গড়ার চেষ্টা করেন কুশাল মেন্ডিস ও দুনিথ ওয়েল্লালাগে। তবে তাকেও ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে পাঠিয়ে নিজের ষষ্ঠ এবং দলের পক্ষে সপ্তম উইকেট শিকার করেন সিরাজ। অষ্টম উইকেটটি নেন হার্দিক পান্ডিয়া।

সবশেষ দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ৫০ রানের মধ্যেই অলআউট করেন হার্দিক পান্ডিয়া।

ভারতের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ২১ রানের বিনিময়ে। এছাড়াও হার্দিক পান্ডিয়া ৩ রানে ৩টি এবং বুমরাহ ২৩ রানে ১টি উইকেট নেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads