ফেনী শহরতলী লালপোলে হচ্ছে দেশের একমাত্র আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
জেলার শহরের লালপোলে প্রস্তাবিত স্থানে আন্তর্জাতিক হকি স্টেডিয়াম নির্মাণকল্পে এক সভা সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রস্তাবিত স্টেডিয়ামের ডিজাইন প্রদর্শিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আফতাব উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ দেলোয়র হোসেন ডালিম, সদস্য বাহার উদ্দিন বাহার, তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা সূত্র জানায়, সদর উপজেলার কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর মৌজায় প্রায় ২০ একর অনাবাদি জায়গায় স্থান নির্ধারণ করা হয়েছে। ওই স্থানে প্রস্তাবিত ফেনী স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের ডিজাইন করা হয়। যেটি হবে দেশের একমাত্র আন্তর্জাতিক পর্যায়ে হকি মাঠ। মূল আঙ্গিনায় থাকবে একটি ফুটবল মাঠ ও অ্যাথলেটিক মাঠ। এছাড়া ইনডোর গেমের মধ্যে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভলিভল, বাস্কেট বল, ক্যারাম, কারাতে ও ভক্সিং ও শ্যুটিংয়ের মাঠের প্রস্তাব রয়েছে। কমপ্লেক্সে থাকবে- গ্যালারি, ভিআইপি সুবিধা, রেস্তোরাঁ, মিডিয়া, স্টেডিয়াম প্রশাসন, সেবাকক্ষ, স্টোরেজ, টয়লেট ও দৃষ্টিনন্দন পার্কিংয়ের জায়গা।
সভার অংশ নেয়া বেশিরভাগ অংশীজন ক্রিকেট মাঠ না রাখায় মনোক্ষুন্ন হন। একপর্যায়ে তারা কমপ্লেক্সের মধ্যে ক্রিকেট মাঠ রাখার জোর দাবী জানান। এ ব্যাপারে জায়গা অধিগ্রহনের সুযোগ রয়েছে বলেও তাদের দাবী।
কমপ্লেক্স তৈরির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রফেশনাল এসোসিয়েটস লিমিটেডের কর্ণধার মনজুর কাদের হেমায়েত জানান, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে ডিজাইন তৈরি করা হয়েছে। অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন দেয়া হবে।
জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, ফেনী একটি সম্ভাবনাময় জেলা। পর্যাপ্ত জায়গা রয়েছে। ভবিষ্যতে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা যেতে পারে এমনভাবে জায়গা অধিগ্রহণ করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে প্রকৃত জ্ঞান চর্চার পাশাপাশি শারিরীক সুস্থ থাকা সম্ভব।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি