জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে  আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১৫তম ব্যাচ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সেমিনারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ সময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

দুই দিনব্যাপী আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিভাগের ১৩তম ব্যাচ থেকে শুরু করে ১৭তম ব্যাচ পর্যন্ত মোট 
৫টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ১৬তম ব্যাচের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ১৫তম ব্যাচ জয়লাভ করে।

জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি সবসময় চেষ্টা করি আমার বিভাগের শিক্ষার্থীরা যেন আনন্দে থাকে, বিনোদনে থাকে।আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য ইনডোর গেমস এবং জিমনেশিয়াম চালু করার চেষ্টা করছি। বিভাগের স্পোর্টস ক্লাবের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রায় ৫ লাখ টাকার খেলাধুলার সরঞ্জামাদি পেয়েছি আমরা। সামনে আরও সুন্দর করে টু্র্নামেন্টের আয়োজন করবো।

ফাইনাল ম্যাচে বিজয়ী দলের অধিনায়ক ঈসা হাওলাদার বলেন, আমাদের বিভাগের নিয়মিত আয়োজন এই আন্ত:ব্যাচ টুর্নামেন্ট। এর মাধ্যমে বিভাগের প্রত্যেকের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়। হার-জিতকে ছাপিয়ে আমরা সবাই খেলাটা উপভোগ করি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক আরিফিন ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।পাশাপাশি উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহীম ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম সহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads