মিরপুরে মুষলধারে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলা বন্ধ
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় বৃষ্টির আশঙ্কা থাকায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নতুন বলে টাইগারদের দেখে শুনে খেলতে থাকেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। তবে ম্যাচের পাঁচ ওভার না গড়াতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। প্রায় দুই ঘন্টা বৃষ্টির পর মাঠে নেমেছে দুই দল। আট ওভার কমিয়ে ৪২ ওভারের খেলা নির্ধারণ করেছে আম্প্যায়ার।
এদিন বৃষ্টির আগে পেসারদের বিপক্ষে ভালো ব্যাট করলেও তা ধরে রাখতে পারেননি কিউই ওপেনাররা। সপ্তম ওভারের প্রথম বলে সোহানের দুর্দান্ত ক্যাচে ২০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। ১ রান করে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হন চ্যাড বোয়েস। পাওয়ার প্লেতে মাত্র ১৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
কিন্তু অপর প্রান্তে থিতু হন উইল ইয়ং। নিকোলসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এই ডানহাতি ব্যাটার। ৬৬ বলে ৫০ রানে জুটি গড়ে এই দুই ব্যাটার। চাপের মুখে নিয়ন্ত্রিত ব্যাটিং করে ৮৩ বলে নিজের ফিফটি পূরণ করেন ইয়ং। তাকে যোগ্য সঙ্গ দেন নিকোলস। ৫৭ বলে ৪৪ রান করে মোস্তাফিজের বলে লেগবিফোরে কাঁটা পড়েন নিকোলস। এরপরই ৫৮ রানে আরেক সেট ব্যাটার ইয়ং আউট হলে তার দেখানো পথে হাঁটেন রাচিন রবীন্দ্র। এতে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৬ রান। টম ব্লান্ডেল ১৯ বলে ৮ রান এবং কোল ম্যাককনচি ১০ বলে ৮ রানে ব্যাট করছেন। এরপরই বৃষ্টি হানা দিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি