পাকিস্তানকে ৫ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা
টাইগ্রেসদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে সফরকারীদের ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানার দল।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো স্বাগাতিকরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয় দ্য গ্রীনরা। জবাব দিতে নেমে ৩ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। এতে জয় দিয়ে সিরিজ শুরু করলো স্বাগতিকরা।
জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৫ রান করে রান আউটের ফাঁদে পড়েন শামীমা সুলতানা। সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মুরশিদা খাতুন। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। মোস্তারি ১৬ এবং ২২ রান করে মুরশিদা আউট হলে চাপে পড়ে টাইগ্রেসরা।
কিন্তু অপর প্রান্তে থিতু হন টাইগ্রেস দলনেতা নিগার সুলতানা জ্যোতি। শেষ দিকে সুলতানা খাতুন ৬ রানে আউট হলেও, নিগার সুলতানার অপরাজিত ২৮ রানে ভর করে ৩ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদিরা আমনীকে হারায় পাকিস্তান। ১৬ রান করে ফেরেন আরেক ওপেনার মুনিবা আলী। তবে অধিনায়ক নিদা দারকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন বিসমাহ মারুফ। কিন্তু নিদা দার (১৪) ও বিসমাহ ২০ রানে আউট হলে, পিচের দাঁড়াতে পারেনি আর কোনো পাক ব্যাটার।
ইরাম জাভেদ (০), আলিয়া রিয়াজ (১), উম্মে হানি (২), নাশ্রা সান্ধু (০), সাদিয়া ইকবাল (০) ও নাতালিয়া পারভেজ ১৫ রানে আউট হলে ২ বল হাতে থাকতেই ৮২ রানে অলআউট হয় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এছাড়াও সুলতানা খাতুন, রাবেয়া খান ও শোরনা আক্তার একটি করে উইকেট শিকার করেন।