হঠাৎ দেশে ফিরলেন সাকিব, অনুশীলন করলেন মিরপুরে
বিশ্বকাপে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগামী শনিবার নেদারল্যান্ডসের সঙ্গে পরবর্তী ম্যাচ। স্বাভাবিকভাবেই এখন দলের সঙ্গে পরবর্তী ম্যাচ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসানের ভাবার কথা। কিন্তু বামহাতি অলরাউন্ডার আবারও সবাইকে চমকে দেওয়ার মতো ঘটনার জন্ম দিয়েছেন। হুট করে বুধবার সকালে দেশে ফিরেছেন তিনি। দুপুরে তাকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা গেছে।
সম্পূর্ণ ঘটনা পুরোপুরি জানা না গেলেও তাকে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। যতদূর জানা গেছে আগামী ২৭ অক্টোবর তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন।
গত বিশ্বকাপের আগেও ছোটবেলার গুরু সালাউদ্দিনের সঙ্গে একান্তে অনুশীলন করেছিলেন তিনি। এরপর বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখা গেছে তাকে। ইংল্যান্ড বিশ্বকাপে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন সাকিব।
একবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব হুট করে দেশে ফিরেছিলেন। ওই সময় সাকিবের ব্যাড-প্যাচ চলছিল। এবারের বিশ্বকপেও ব্যাট হাতে সফল নন তিনি। তুলেছেন মাত্র ৫৬ রান। সর্বোচ্চ করেছেন ৪০! বল হাতে যদিও সফল ছিলেন। নিয়েছেন ৬ উইকেট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি