পাকিস্তানের কাছে ২০৪ রানে অলআউট বাংলাদেশ

 বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ২০৫ রানের লক্ষ্য পায় পাকিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শূন্য রানে তানজিদ তামিম আউট হলে, ৪ রান করে তার দেখানো পথে হাঁটেন নাজমুল হাসান শান্ত। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলীয় ২৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেয় মাহমুদুল্লাহ। দুজনের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৬৪ বলে ৪৫ রান করে আউট হন লিটন দাস। কিন্তু অপর প্রান্তে ৫৮ বলে নিজের ফিফটি পূরণ করেন মাহমুদুল্লাহ। তাকে সঙ্গ দেন অধিনায়ক সাকিব আল হাসান। ৫৬ রানে মাহমুদুল্লাহ আউট হলে, ৭ রান করে বড় ভাইকে অনুসরণ করে তরুণ তাওহীদ হৃদয়। এরপর রান তুলতে থাকেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ৪৩ রান করে আউট হন এই বাম হাতি ব্যাটার।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ে আশা জাগালেও, ইনিংস বড় করতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ২৫ রানে আউট হন তিনি। এরপর তাসকিন ৬ এবং  ৩ রানে মোস্তাফিজ আউট হলে, ২৯ বল হাতে থাকতেই ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও ওয়াসিম জুনিয়র তিন উইকেট শিকার করেন। এছাড়াও  হারিস রাউফ দুইটি, ইফতেখার আহমেদ ও উসামা মীর একটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads