বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে আতশবাজি ফুটবে না মুম্বাইয়ে
মুম্বাইয়ের বায়ুদূষণ চরমমাত্রায় পৌঁছানোয় সুয়োমোটো মামলার প্রক্রিয়া শুরু করেছে বোম্বে হাইকোর্ট। যার প্রভাব পড়েছে ভারতের ওয়ানডে বিশ্বকাপে। মুম্বাইয়ে এখন থেকে বিশ্বকাপ ম্যাচে কোনও ধরনের আতশবাজি ফোটাবে না আয়োজকরা। একই পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লির ম্যাচগুলোতেও। যেহেতু শহর দুটিতে বায়ুদূষণের মাত্রা চরম আকার ধারণ করেছে। তাদের ধারণা, তাতে দুই শহরে দূষণে বাড়তি মাত্রা যোগ করতে পারে।
এর ফলে দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠেয় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কোনও ধরনের আতশবাজির দেখা মিলছে না। ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী সোমবার। বৃহস্পতিবার মুম্বাইয়ে লঙ্কানদের মুখোমুখি হবে ভারত। সেখানেও একই পদক্ষেপ অনুসরণ করা হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ বলেন, আমি বিষয়টা আইসিসির সঙ্গে আলাপ করেছি। ফলে মুম্বাই ও দিল্লিতে কোনও ধরনের আতশবাজি ফুটবে না। কারণ তাতে দূষণের মাত্রা বেড়ে যেতে পারে।
জয় শাহ আরো জানিয়েছেন, বিসিসিআই নিজেও পরিবেশগত ইস্যু নিয়ে লড়াই অব্যাহত রেখেছে। পাশাপাশি ভক্ত ও স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষাতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এর দেওয়া তথ্য মতে, মঙ্গলবার সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল সহনীয় মাত্রায় ১৭২। তবে বান্দ্রা কুর্লাতে সেটি ছিল উচ্চঝুঁকি সম্পন্ন ২৬০! দিল্লিতে এই অক্টোবরেও ২০২০ সালের পর বায়ুদূষণ ছিল সবচেয়ে বেশি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি