সাকিবের পাসে দাঁড়ালো লঙ্কান ফ্র্যাঞ্চাইজি দল গল টাইটান্স

শ্রীলঙ্কায় গেলে সাকিব আল হাসানকে পাথর ছুঁড়ে মারা হবে, এমন হুমকি দিয়েছিলেন টাইমড আউট হওয়া লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। অথচ শ্রীলঙ্কায় সাকিবের আকাশচুম্বী জনপ্রিয়তা। মাত্র কয়েক মাস আগেও গল টাইটান্স ঢাকঢোল পিটিয়ে দলে নিয়েছিল সাকিবকে, তাকে ঘিরেই সাজিয়েছিল লঙ্কা প্রিমিয়ার লিগের রণকৌশল। সেই সাকিবকে যখন লঙ্কান ক্রিকেট কিংবদন্তির পরিবারের এক সদস্যই দিচ্ছেন পাথর ছুঁড়ে মারার হুমকি, তখন সাকিবকে অভয় দিল তার দল গল টাইটান্স।

ম্যাথিউসের ভাই বলেছিলেন, সাকিবকে আমরা শ্রীলঙ্কায় আর স্বাগত জানাই না। যদি এখানে এলপিএল বা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসে, তার দিকে পাথর ছুঁড়ে মারা হবে, অথবা সে সমর্থকদের ক্ষোভের মুখোমুখি হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তো অ্যাঞ্জেলো ক্রিজে চলে গিয়েছিল। তার হেলমেটের স্ট্রেপ ভেঙে গেছে এটা তো ওর দোষ না।

ম্যাথিউসের পরিবারের এমন মনোভাবে উল্টো লঙ্কানদের স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে প্রশ্ন উঠতে থাকে। অনেকে এমনও বলাবলি করছিলেন- সাকিবকে নিয়ে যতই চাহিদা থাকুক তিনি যেন আর এলপিএল খেলতে না যান। সেসব বিতর্ক যখন ক্রমশই দানা বাঁধছে, তখন সাকিবের পাশে দাঁড়াল লঙ্কান ফ্র্যাঞ্চাইজি গল টাইটান্স।

সাকিবের নাম উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, অনুগ্রহ করে মনে রাখবেন, একজন মানুষের মতামত কখনই গোটা দেশের মানুষের মনোভাব প্রকাশ করে না। একইসাথে, শ্রীলঙ্কানরা কখনই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট সমর্থকরা যেকোনো দেশের ক্রিকেটারকে, যেকোনো দিন ভালোবাসা দিয়ে বরণ করে নেবেন।

সাকিবের নাম উল্লেখ না করলেও বুঝতে বাকি নেই, গল টাইটান্স যে এই সমর্থনটা বাংলাদেশ অধিনায়কের প্রতিই জানিয়েছে। গল টাইটান্সের বোধোদয় হলেও খামখেয়ালিপনায় টাইমড আউটের শিকার হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের অবশ্য বোধোদয় হওয়ার কোনো লক্ষণই নেই। সেই ঘটনার পর থেকে বারবার তিনি নিজের পক্ষে সাফাই গেয়েই চলেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads