বিশ্বকাপের পরই পদ হারাচ্ছেন নান্নু ও বাশার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সদস্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এক দশক ধরে একই পদে বহাল থাকা এই নির্বাচকের দল নির্বচনী প্রক্রিয়ায় চমক থাকে সবসময়। প্রতিটি সিরিজে অনঅভিজ্ঞ ক্রিকেটারদের অভিষেক করানো যার অভ্যাস হয়ে উঠেছে। এনিয়ে বার বার সমালোচনার শিকার হলেও, নিজের ভুল গুলো নিয়ে কখনো চিন্তাই করেননি। তবে সদ্য শেষ হওয়ার এশিয়া কাপ ও চলমান বিশ্বকাপের ব্যর্থতায় দেশের ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবাই তার উপর চড়াও হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে নান্নু-বাশারের পদত্যাগ বা বহিষ্কারের দাবি। সমর্থকরা এই নির্বাচক জুটির কাছে থেকে চান মুক্তি।
তাই এবার টনক নড়েছে বিসিবির। গোপন সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারাতে যাচ্ছেন নান্নু। প্রধান নির্বাচকের পাশাপাশি বরখাস্ত হতে পারেন হাবিবুল বাশার সুমনও। তবে স্বপদে বহাল থাকছেন তিন সদস্যের নির্বাচক প্যানেলের সবচেয়ে জুনিয়র আব্দুর রাজ্জাক রাজ। বাকি দুইজনের চাকরি গেলেও রাজ্জাকের ওপর আস্থা রাখছে বিসিবি। তাকে আরও সময় দিতে চায় বোর্ড।
মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল ইস্যুতে তারা নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সম্প্রতি এনামুল হক বিজয়কে হঠাৎ করে বদলি হিসেবে দলে ডাকা নিয়েও সমালোচনা হয়েছে।
নান্নু-বাশারদের বিপক্ষে বরাবরই সেচ্ছাচারিতার অভিযোগ করে থাকেন সমর্থকরা। কারণটাও স্পষ্ট। কখন কে দলে আসেন, কেন দলে আসেন আবার কে কখন কি কারণে বাদ যান, তার নির্দিষ্ট কোনো ব্যখ্যাই দিতে পারেন না তারা। বরাবরই গণমাধ্যমের সামনে অযৌক্তিক সব প্রসঙ্গ তুলে ধরেন দলে আনা বা বাদ দেওয়ার প্রশ্নে।
জানা গেছে, নির্বাচক পদ থেকে সরিয়ে দিলেও বোর্ডের সঙ্গে রাখা হবে নান্নু-বাশারকে। সাবেক এই ক্রিকেটারকে দেওয়া হতে পারে ভিন্ন কোনো দায়িত্ব। আর বাশারের জায়গা হতে পারে এ দলে।
এদিকে ক্রিকেটপাড়ায় খবর, নান্নু-বাশারদের রেখে যাওয়া পদ দখলে নিতে পারেন সাবেক দুই ক্রিকেটার হান্নান সরকার ও হাসিবুল হোসেন শান্ত। দুজনই বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচকের দায়িত্বে আছেন। বয়সভিত্তিক দলে কাজ করে বিসিবির আস্থা অর্জন করায় এবার জাতীয় দলের জন্যেও আলোচনায় তারা।
তবে এর বাহিরেও আছে আলোচনা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও দায়িত্ব নিতে চান নির্বাচক প্যানেলের। বেশ কয়েকবারই গণমাধ্যমে এই দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। তাছাড়া জাভেদ ওমর, তুষার ইমরানরাও আছেন আলোচনায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি