যে কঠিন পথ দিয়ে বিশ্বকাপের সেমিতে যেতে পারে পাকিস্তান
শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। আর তার জেরে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল পাকিস্তান। তবে এখনও খাতা-কলমে বিশ্বকাপে টিকে আছেন বাবর আজমরা। তারা কত ব্যবধানে জিতলে সেমিফাইনালে উঠতে পারবেন, তা দেখে নিন।
ইতোমধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে। বৃহস্পতিবার জয়ের পরে নয় ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। নেট রানরেট +০.৭৪৩। পাকিস্তান আছে পাঁচ নম্বরে। আটটি ম্যাচে পয়েন্ট আট। নেট রানরেট +০.০৩৬। অর্থাৎ শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না পাকিস্তানকে, অবিশ্বাস্য ব্যবধানে জিততে হবে।
শনিবার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩০০ রান করল। তাহলে ইংল্যান্ডকে ১৩ রানে অলআউট করে দিতে হবে। তাহলেই নেট রানরেটের নিরিখে নিউজিল্যান্ডকে ছাপিয়ে যেতে পারবে পাকিস্তান। অর্থাৎ জয়ের ব্যবধান ২৮৭ রান হতে হবে।
ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করল ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডকে ১০০ রানে অলআউট করে দিতে হবে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের। তারপর ২.৫ ওভারের মধ্যে সেই রানটা তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। তবেই মিলবে সেমিফাইনালের টিকিট।
যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪০০ রান তোলে, তাহলে তারা সেমিফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডকে ১১২ রানে অলআউট করে দিতে হবে। সেক্ষেত্রে সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে।
বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে জানানো হয়েছে, ধরা যাক শনিবার কলকাতায় প্রথমে ব্যাট করল ইংল্যান্ড। তুলল ৩০০ রান। অর্থাৎ লক্ষ্যমাত্রা হবে ৩০১ রান। সেক্ষেত্রে ৬.১ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। আর ইংল্যান্ড প্রথমে ব্যাট করলে তাদেরকে ১৫০ রানে আটকে রাখতে হবে। তারপর ৩.৪ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। তাহলেই সেমিতে উঠে যাবেন বাবররা।