বিশ্বকাপে পাকিস্তানকে ৯৩ রানে হারালো ইংল্যান্ড
বিশ্বকাপের ৪৪তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। ব্য্যাটিংয়ে নেমে পাকিস্তানকে পাহাড় সমান ৩৩৮ রানের বড় লক্ষ্য দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৩.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪৪ রানে থেমে যায় পাকিস্তান।
বড় রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোন রান যোগ না করতেই উইকেট হারায় পাকিস্তান। ডাক মারেন আব্দুল্লাহ শফিক। এরপর দলীয় ১০ রানে ফখর জামানও সাজঘরে ফেরেন ১ রান করে। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬১ রানে অধিনায়ক বাবর এবং ১০০ রানের মাথায় রিজওয়ানকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সে চাপ আর সামলাতে পারেনি দলটি।
সউদ শাকেল ২৯, ইফতিখার ৩, সাদাব খান ৪ রান করে সাজঘরে ফিরলে পাকিস্তানের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। সর্বোচ্চ ৫১ রান করেন আঘা সালমান। শেষদিকে শাহিন আফ্রিদীর ২৫, হারিস রউফের ৩৫ এবং মোহাম্মদ ওয়াসিমের অপরাজিত ১৬ রান কেবল পাকিস্তানের হারের ব্যবধান কমাতে সাহায্য করে। ইংল্যান্ডের হয়ে উইলি সর্বোচ্চ ৩ টি উইকেট নেন। এছাড়া আদিল রশিদ, মইন আলী, গাস আটকিনসন ২ টি করে এবং ক্রিস ওকস একটি করে উইকেট লাভ করেন।
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ৩১ রান করে মালান আউট হলে, বেয়ারস্টোকে সঙ্গ দেন জো রুট। ৫৯ রানে বেয়ারস্টো এবং ৬০ রানে আউট হন রুট। এরপর ব্যাট চালাতে থাকেন বেন স্টোকস। অধিনায়ক বাটলারকে সঙ্গে নিয়ে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ইংলিশ অলরাউন্ডার। শেষদিকে বাটলার ২৭ ও হ্যারি ব্রুক ৩০ রানে আউট হলে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হারিস রাউফ। এছাড়াও শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম দুইটি করে উইকেট শিকার করেন। এক উইকেট নেন ইফতেখার আহমেদ।