দ্রাবিড়ের পরিবর্তে ভারতের কোচ হচ্ছেন যিনি!

ঘরের মাঠে ফাইনালে উঠেও বিশ্বকাপ জিততে পারেনি ভারত। টানা ১০ ম্যাচ জেতা দলটির  কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এরপরই ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়। দেশটির সাবেক এই তারকা ক্রিকেটার দুই বছরের চুক্তিতে রোহিত-কোহলিদের দায়িত্ব নিয়েছিলেন। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ভারতের ক্রিকেটে আপাতত শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের অধ্যায়।

দুই বছর দায়িত্ব পালনকালে তার অধীনে টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল এবং এশিয়া কাপ ফাইনালে ওঠেছিল কোহলিরা। তবে এশিয়া কাপ ছাড়া আর কোনো শিরোপাই জেতেনি কোহলিরা। দ্রাবিড়ের অধীনই টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।

 ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বোর্ডের সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি করছেন না দ্রাবিড়। দ্রাবিড় নিজেই বিসিসিআইকে জানিয়েছেন যে তিনি আর পূর্ন মেয়াদের জাতীয় দলের কোচ হিসেবে থাকতে চান না।
প্রায় ২০ বছর খেলোয়াড়ি জীবনের পর গত দুই বছরেও একই নিয়ম-কানুনের মধ্য দিয়েই যেতে হয়েছে দ্রাবিড়কে। তবে আর এমনটি চালিয়ে যেতে চান না এই কিংবদন্তি ক্রিকেটার। জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবেই তিনি ঠিক আছেন, এই দায়িত্বে থাকলে তিনি তাঁর শহর বেঙ্গালুরুতেও থাকতে পারবেন।

আরেকটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, আইপিএলের কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারেন দ্রাবিড়। জাতীয় দলের অন্য কোচিং স্টাফ, যাঁদের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল, বিশ্বকাপ শেষে দলের সঙ্গে থাকবেন কি না, সেটাও এখনো নিশ্চিত নয়।

 রাহুল মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় এখন নতুন করে কোচ নিয়োগের কথা ভাবতে হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই)। কোহলিদের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দ্রাবিড়েরই এক সময়ের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads